নয়াদিল্লি: প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপে (পিএমআরএফ) মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ উচ্চশিক্ষা তথা গবেষণায় উৎসাহ আনতে নরেন্দ্র মোদী সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷ ভারতীয় মেধা যাতে বিদেশে চলে না যায়, তার জন্য মাসে মাসে বিপুল পরিমাণে স্কলারশিপ দেওয়ার সুপারিশে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
মূলত মেধা দেশে আটকে রাখতে আগামী তিন বছরে কেন্দ্র ১ হাজার ৬৫০ কোটি টাকা খরচ করবে। শুক্রবার এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে মোদী মন্ত্রিসভা। মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দেওয়া ছাড়াও গবেষণার জন্য বার্ষিক ২ লক্ষ টাকা দেওয়া হবে নির্বাচিত গবেষকদের৷
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প চালু হবে। সুযোগ পাবেন বি-টেক, এম-টেক ও এমএসসির পড়ুয়ারা। পিএইচডি-র জন্য নির্বাচিতরা প্রথম দু'বছর মাসে ৭০ হাজার টাকা, তৃতীয় বছরে মাসে ৭৫ হাজার টাকা এবং শেষ দু'বছর মাসিক ৮০ হাজার টাকা পাবেন।
এছাড়াও এই সময়কালে বিদেশে আন্তর্জাতিক সম্মেলন বা সেমিনারে পেপার পড়তে যাওয়ার খরচ হিসেবে ২ লাখ টাকা করে পাবেন৷ এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় মেধা বিদেশ যাওয়া বন্ধ করতেই এই প্রকল্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন