কলকাতা: রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তদের মধ্যে প্রায় ১০ লক্ষের কর্মসংস্থান হয়েছে৷ রাজ্য সরকারের আর্থিক সমীক্ষার রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে৷ এখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত কর্মপ্রার্থীর সংখ্যা ২৬ লক্ষ ৪৬ হাজার ৩ জন৷
রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ২০১২ সালের জুলাই মাসে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালুর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের পোর্টালে কর্মপ্রার্থী ও নিয়োগকারী সংস্থার নাম নথিভুক্তকরণের ব্যবস্থা করা হয়৷ নিয়োগকারী এই পোর্টাল থেকে নথিভুক্ত কর্মপ্রার্থীদের বেছে নেবে, সেই লক্ষ্যেই এটি চালু করা হয়েছিল৷
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ ২০১৩ সালের অক্টোবর মাসে ‘যুবশ্রী’ নামে এই প্রকল্পটি চালু করা হয়৷ একইসঙ্গে সর্বাধিক এক লক্ষ নথিভুক্ত কর্মপ্রার্থীকে ভাতা দেওয়ার ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে৷ আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, এখন ৯৫ হাজার ৫৯৫ জন এই ভাতা পাচ্ছেন৷ চালু হওয়ার পর থেকে ‘যুবশ্রী’ প্রকল্পে রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩৮ কোটি ৭৭ লক্ষ টাকা৷
যুবশ্রী প্রকল্পে সরকারি আর্থিক সাহায্য নিতে গেল কর্মপ্রার্থীকে দক্ষতা বৃদ্ধির জন্য কোনও প্রশিক্ষণ নিতে হয়৷ প্রশিক্ষণ নেওয়ার প্রমাণপত্র জমা দিলে তবেই ওই ভাতা অব্যাহত থাকে৷ নথিভুক্ত কর্মপ্রার্থীর কাজের ব্যবস্থা হলে এই ভাতা বন্ধ হয়ে যায়৷ আর্থিক সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার ৬৩৫ জন যুবশ্রী প্রকল্পের সুযোগ নিয়েছেন৷
নোটবন্দির ফলে ভিনরাজ্যে কর্মরত এখানকার যে শ্রমিকরা কাজ হারিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন, তাঁদের জন্য গত বাজেটে ‘সমর্থন’ প্রকল্প ঘোষণা করা হয়েছিল৷ এই প্রকল্পে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা৷ আর্থিক সমীক্ষা অনুযায়ী, এই প্রকল্পে আর্থিক সাহায্য পেয়েছেন মোট ১৫ হাজার ৬১৮ জন৷ এতে খরচ হয়েছে প্রায় ৭৮ কোটি টাকা৷ এই প্রকল্পে গত বাজেটে ২৫০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছিল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন