মানিকের সরকারকে চাচাছোলা ভাষায় আক্রমণ যোগীর - Aaj Bikel
মানিকের সরকারকে চাচাছোলা ভাষায় আক্রমণ যোগীর

মানিকের সরকারকে চাচাছোলা ভাষায় আক্রমণ যোগীর

Share This

আগরতলা  : ত্রিপুরায় আইনের শাসন ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের বিকশিত রাজ্যের তালিকায় ত্রিপুরার নাম সংযোজন করার জন্য বিজেপি-র পক্ষে মতদানের জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন জানান তিনি।

মঙ্গলবার ঝড়ো প্রচার অভিযানের মাঝখানে যোগী আদিত্যনাথ সাংবাদিকদের বলেন, "ত্রিপুরা মায়ের শক্তিস্থল। এ রাজ্যে শুভদিন আনতেই হবে। এটা আসতে পারে 'সবকা সাথ সবকা বিকাশ'-এর মন্ত্র দিয়ে। ত্রিপুরার মানুষ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে বাস করছেন। ত্রিপুরায় গরিবি দূরীকরণ, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য কোনও কিছুতেই সাফল্য আনতে পারেনি মানিক সরকার নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার।

শুধু তা-ই নয়, তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সুবিধাগুলি সম্প্রসারিত করছে না এই সরকার। গরিবদের গরিব করে রেখে দেওয়া, বেকারত্ব বাড়িয়ে তোলা জাতীয় অপচেষ্টার কারণে রাজ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে। পুলিশকে পার্টির ক্যাডারের মতো হয়ে কাজ করতে হয়। পুলিশ এবং সাধারণ প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছে। ফলে সবই পার্টির নিয়ন্ত্রণে চলে গেছে, এমন হওয়া উচিত হয়নি। আইন ব্যবস্থা ভেঙে পড়ায় নারী নির্যাতনে এই রাজ্য দেশের প্রথম স্থান দখল করেছে।"

অন্যদিকে, তিনি বিকাশের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, "রাজ্যে সম্ভাবনাময় অনেক ক্ষেত্র রয়েছে। এর মধ্যে পর্যটন উল্লেখযোগ্য। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সব নতুন কর্মসূচি নিয়েছে, তা সঠিকভাবে পালন করলে রাজ্যে কোনও সমস্যাই থাকার কথা ছিল না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যে সব কর্মসূচি গ্রহণ করেছেন তাতে শুধু এই দেশে নয়, সমগ্র বিশ্বে সমাদৃত হচ্ছে। দেশে বিকাশের নতুন গতি এসেছে। কেন্দ্র ও রাজ্যে একই নীতির উপর প্রতিষ্ঠিত সরকার থাকলে পরিকল্পনা রূপায়ণে এবং উন্নয়ন তরান্বিত করার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী পরিবেশ তৈরি হয়।"

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের ৩৭ শতাংশ নাথ সম্প্রদায় লোক রয়েছেন। আর তাঁদের অধিকাংশই গোরক্ষনাথ মন্দিরের আশ্রিত। কিন্তু ধর্ম এবং সম্প্রদায়ভিত্তিক রাজনীতি করতে তিনি রাজ্যে আসেননি। তবে এই নাথ সম্প্রদায় ত্রিপুরায় ওবিসি তালিকাভুক্ত। আর তাঁদের সংরক্ষণ না দেওয়া কিংবা ন্যায় সংক্রান্ত পদ্ধতিতে সুযোগ-সুবিধা কেন দেয়নি বামফ্রন্ট সরকার, প্রশ্ন তুলেছেন যোগী।

উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার ইতিবাচক পরিণাম আসছে বলে উল্লেখ করেন। বামপন্থীদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁর রাজ্যে একটিও দাঙ্গা হয়নি। উত্তরপ্রদেশের অবস্থা দেখে আসার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তাঁর রাজ্য সফরে যাওয়ার আমন্ত্রণও জানান সাংবাদিকদের মাধ্যমে।
উল্লেখ করা যেতে পারে, দুদিনের ত্রিপুরা সফর শেষে মঙ্গলবার তিনি নিজের রাজ্যে ফিরে গেছেন। তিনি তার সফরকালে মোট ১১টি জনসভায় ভাষণ দিয়েছেন।

কোন মন্তব্য নেই: