বিশ্ববিদ্যালয়ের ফল, সোমবার উপাচার্যকে ডেকে পাঠাবেন শিক্ষামন্ত্রী - Aaj Bikel
বিশ্ববিদ্যালয়ের ফল, সোমবার উপাচার্যকে ডেকে পাঠাবেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের ফল, সোমবার উপাচার্যকে ডেকে পাঠাবেন শিক্ষামন্ত্রী

Share This


কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ওয়ান পরীক্ষায় অত্যন্ত খারাপ ফল হওয়ায় অস্বস্তিতে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার বিধানসভা ভবনে পার্থবাবু সাংবাদিকদের এ কথা জানান।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পার্ট ওয়ান পরীক্ষায় ফেল করলেন ৫৭ শতাংশ পরীক্ষার্থী। খারাপ ফল হয়েছে বিএসসি-তেও। ২৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করতে পারেননি। আজ বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসসি-র ফার্স্ট ইয়ারের জেনারেল ও অনার্সের ফল প্রকাশিত হয়। পার্থবাবু বলেন, “অনার্সে পাশ করবে, অথচ জেনারেলে এত ফেল করবে, এটা কীভাবে হয়? আমি সোমবার বিকাশ ভবনে উপাচার্যকে ডেকে পাঠাব। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন ব্যাপারে আমি নাক গলাব না। তবে, ছাত্রদের প্রতিও তো আমার দয়িত্ব আছে!”

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিএ পার্ট-১ এ সবমিলিয়ে পাশের হার ৪৩%। বিএসসি-তে পাশের হার ৭১%। এবার থেকে চালু হয়েছে নতুন পরীক্ষা পদ্ধতি। তার প্রভাব পরীক্ষার ফলে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষামহলে শোরগোল পড়ে গেছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কেন এমন ফল হল তা নিয়ে প্রশ্ন উঠছে। পঠনপাঠনের মান নিয়েও উঠছে প্রশ্ন।

কোন মন্তব্য নেই: