কলকাতা : এবার থেকে সি সি টিভি ক্যামেরা দিয়ে নজর রাখা হবে বাস চালকদের ওপর । মঙ্গলবার পরিবহণ দফতরের এক কর্তা জানান, নতুন সমস্ত এসি, নন এসি বাসেই সি সি টিভি আছে । তাই বাস চালানোর সময় ফোনে কথা বললে সেই ভিডিও ফুটেজ দেখে এবার সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যেই প্রত্যেক সরকারি বাস ডিপোতে এই নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে । তবে পরিবহণ দফতরের এক কর্তার পরামর্শ, চালককে নিয়ম ভাঙতে দেখলে নিজেদের স্বার্থেই প্রতিবাদ করতে হবে যাত্রীদেরও|
মুর্শিদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বাসটির বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, চালক মোবাইল কানে বাস চালাতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । রাজ্য সরকারের পরিবহণ দফতরের কর্তারা অবশ্য বলছেন, মোবাইল কানে বাস না চালানোর কথা কয়েকমাস অন্তর অন্তরই সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের মনে করিয়ে দেওয়া হয় । এক অফিসার বলেন, ‘আমাদের এখানে সবাই প্রশিক্ষিত চালক । কিন্তু তাঁদেরও তো ভুল হয় । তাই মুর্শিদাবাদের ঘটনার পর ফের একবার তাঁদের সাবধান করা হল, যাতে বাস চালানোর সময় কোনওভাবেই যেন মোবাইলে তাঁরা কথা না বলেন ।'
এসবিএসটিসি, এনবিএসটিসি, সিটিসি, বা সিএসটিসি, সরকারি সব পরিবহন সংস্থা গুলোই তাঁদের চালকদের জন্য নির্দিষ্ট সময় অন্তর কর্মশালা বা সচেতনতা শিবিরের আয়োজন করে । বছরখানেক আগে সিটিসি-র চালকদের জন্য পেশাদার মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞদের এনে ক্লাস করানো হয়েছিল । এই ধরনের কর্মশালায় কলকাতা পুলিশ বা জেলা পুলিশও অংশ নেয় ।সেখানে তাঁদের একাধিক বিষয়ে বারবার চালকদের সতর্ক করা হয় । বলা হয়, যেমন বাস চালানোর সময়ে মোবাইল ব্যবহার করা একেবারেই যাবে না, তেমন যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করাও চলবে না ।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নিজেদের বাস লিজে দিয়ে আয় অনেকটাই বাড়িয়ে নেয় । একই পথে হেঁটে নিজেদের বাসও লিজে দেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি) । যদিও খুব বেশি সংখ্যায় বাস লিজে দেওয়া হয়নি বলেই জানিয়েছেন সংস্থার এম ডি । কিন্তু লিজে দেওয়া সেই বাসেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা । সোমবারের ভয়াবহ দুর্ঘটনার পরে সরকারি বাসের চালকদের মতোই লিজে দেওয়া বাসের চালক-কন্ডাক্টদেরকেও একইভাবে সতর্ক করা প্রয়োজন বলে স্বীকার করে নিয়েছেন এনবিএসটিসি-র শীর্ষকর্তারা । এনবিএসটিসি-র এম ডি সুবল রায় মঙ্গলবার জানান, দুর্ঘটনা এড়াতে সম্প্রতি আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে । সেই নির্দেশিকায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগ লাইট ব্যবহার করতে হবে চালকদের । যত তাড়াই থাক, অতিরিক্ত কুয়াশা থাকলে দূরপাল্লার বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হবে । কোনওভাবেই ঝুঁকি নিয়ে তা চালানো যাবে না । বাসের গতি যেন কোনওভাবেই সীমা লঙ্ঘন না করে । সোমবার দুর্ঘটনার পিছনে চালকের মোবাইলে কথা বলার পাশাপাশি কুয়াশার দাপটের কথাও উঠে এসেছে । ফলে, সরকারি চালক না হওয়ায় কুয়াশা নিয়ে ওই সতর্কবার্তার কথাও সম্ভবত জানা ছিল না অভিশপ্ত বাসটির চালকের বলে মনে করছেন সরকারি কর্তারা ।
ওই নির্দেশিকায় সরকারী প্রতিটি ডিপোর ম্যানেজারদের স্পষ্টভাবে বলা হয়েছে, দূরপাল্লার বাস চালানোর ক্ষেত্রে দূরের দৃষ্টি ঠিক রাখা খুব জরুরি । তাই চোখ একটু খারাপ হলে সেই চালককে আর দূরপাল্লার বাস চালাতে দেওয়া যাবে না । বাস বের করার সময় তাঁর প্রতিটি যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখে তবেই রাস্তায় নামাতে হবে । যদি না হয়, সেক্ষেত্রে যার গাফিলতি ধরা পড়বে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে । এনবিএসটিসি-র এম ডি সুবল রায় এদিন অবশ্য জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সোমবারের দুর্ঘটনার প্রকৃত কারণ বোঝা সম্ভব নয় ।-হিন্দুস্থান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন