রাত পোহালেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল - Aaj Bikel
রাত পোহালেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল

রাত পোহালেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল

Share This


কলকাতা : রাত পোহালেই উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে| গত ২৯ জানুয়ারি, সোমবার উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা আসনের ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়| বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায়| যদিও বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, দেদার ছাপ্পা ভোট পড়েছে উলুবেড়িয়া| উলুবেড়িয়ায় ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে, অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা আসনে ভোট পড়েছে ৭৫.৩ শতাংশ|

তৃণমূল কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত উলুবেড়িয়ায় এবার চর্তুমুখী লড়াই হয়েছে| তৃণমূলের হয়ে লড়েছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ| সিপিআইএম প্রার্থী করেছে সাবিরুদ্দিন মোল্লাকে| তৃণমূল ও সিপিআইএম প্রার্থী ছাড়াও বৃহস্পতিবার ভোটবাক্স খুলতেই ভাগ্য নির্ধারিত হবে বিজেপি প্রার্থী অনুপম মল্লিক এবং কংগ্রেস প্রার্থী এম হোসেন ওয়ারসি-রও| ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়| প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ| সুলতান আহমেদের মৃত্যুর কারণে এই লোকসভায় উপনির্বাচন হয়|

অন্যদিকে, উলুবেড়িয়ার মতো নোয়াপাড়া বিধানসভা আসনেও চর্তুমুখী লড়াই হয়েছে| নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল প্রার্থী সুনীল সিং, বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী গৌতম বসু এবং সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের| উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাবুর মৃত্যুর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে|

কোন মন্তব্য নেই: