জাকার্তা : পিভি সিন্ধুর পর এবার সেমিফাইনালে বিশ্বের চার নম্বর রাচানক ইন্তাননকে হারিয়ে ফাইনালে পোঁছে গেলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন ক্যুইন সাইনা নেহওয়াল৷ এরঅাগে তিনি কোয়ার্টার ফাইনালে টানটান লড়াইয়ে পিভি সিন্ধুকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সে শেষ চারে জায়গা করেন৷
সেমিফাইনালে থাইল্যান্ডের প্রতিপক্ষকে পরাস্ত করতে সাইনা সময় নেন মাত্র ৪৯ মিনিট৷ যদিও থাই শাটলার আগাগোড়া কড়া টক্কর দেন সাইনাকে৷ প্রথম গেম ২১-১৯ ব্যবধানে জিতে নেওয়ার পর দ্বিতীয় গেমও একই ব্যবধানে নিজের নামে করেন লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সাইনা৷ ম্যাচের চূড়ান্ত ফল দাঁড়ায় ভারতীয় শাটলারের অনুকূলে ২১-১৯, ২১-১৯৷
ফাইনালে বিশ্বের ১২ নম্বর সাইনার সামনে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই৷ খেতাবি লড়াইয়ে নেহওয়াল মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর তারকা তথা টুর্নামেন্টের শীর্ষবাছাই তাইপের তাই জু য়িংয়ের, যিনি অপর সেমিফাইনালে চিনের হি বিংজিয়াওকে ১৯-২১, ২১-১৫, ২১-১৫ গেমে হারিয়েছেন৷ সাইনার ফাইনালে যাওয়ার দিনেই সমর্থকদের আশা জাগানো সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলস থেকে বিদায় নিলেন৷ সেমিফাইনালে তাঁরা পরাস্ত হন বিশ্বের এক নম্বর ডাবলস জুটির কাছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন