বোলপুর : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । এবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রাম। এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে উভয়পক্ষের দু’জন জখম হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন হাসেম শেখ ও ফিরোজ শেখ। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।
বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত নানুরের প্রাক্তন বিধায়ক তৃণমূলের গদাধর হাজরার সঙ্গে তৃণমূল নেতা কাজল শেখ গোষ্ঠীর লড়াইয়ে বার বার উত্তপ্ত হয়েছে বড়শিমুলিয়া গ্রাম। একইভাবে গতরাত থেকে গদাধর গোষ্ঠীর হাসেমের সঙ্গে কাজল গোষ্ঠীর ফিরোজের মধ্যে প্রথমে বোমাবাজি হয়।
বোমায় দশটির বেশি বাড়ি পুড়ে যায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন দুই গোষ্ঠীর দুই স্থানীয় নেতা। এরপর রাতে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। পুলিশি তৎপরতায় হাসেম শেখকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত হাসেম শেখের ছেলের অভিযোগ, সিপিআই (এম)-র হার্মাদবাহিনী তাঁর বাবাকে গুলি করেছে। শুধু তাই নয়, তাঁর মা ও বউদিদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন