নোয়াপাড়া : উপনির্বাচনে ভোটের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তুললেন নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে এই কেন্দ্রের বিভিন্ন বুথে অবাধে ভোট লুট হচ্ছে বলেও তাঁর অভিযোগ। তিনি বলেন, “২৩, ২৩, ৪৪, ৪৮, ১৫৪, ১২৮, ১২৯, ৬৭, ৬৮, ৬৯ নম্বর বুথে ভোট প্রক্রিয়া বন্ধ। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও তাদের কোনও ভূমিকা নেই। ভোট দিতে গেলে ভোটারদের হাতে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের প্রহসন। ভোটারদের কালি লাগানো ছাড়া কোনও কাজ নেই। আগের উপনির্বাচনগুলিতে যেরকম দেখেছি এখনও সেটাই দেখছি। অবাধে ভোট লুট হচ্ছে।” হার নিশ্চিত জেনেই কী হতাশা থেকে ভোট লুটের তত্ত্ব সামনে আনছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনও হতাশা থেকে এই কথা বলছি না। সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছি। এখনও অনেক সময় বাকি।”
বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ এদিন সকাল থেকে ভোটাররা বিভিন্ন বুথে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোট লুটের ঘটনাই ঘটে নি।”
উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী মধুসূদন ঘোষ। মধুসূদনবাবুর মৃত্যুতে নোয়াপাড়া আসনটি শূন্য হয়। এবার বাম-কংগ্রেস জোট হয়নি নোয়াপাড়া আসনে। এবার এই আসনে চতুর্মুখী লড়াই। লড়াইয়ের ময়দানে রয়েছেন কংগ্রেস প্রার্থী গৌতম বসু, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিং, বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন