বহরমপুর : সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের দৌলতাবাদে| সোমবার সকাল ছ’টা নাগাদ দৌলতাবাদ থানার অন্তর্গত বালিরঘাট এলাকায় সেতুর রেলিংয় ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে| আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৭ জনকে| আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে জলঙ্গি থেকে বহরমপুর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি| ঘড়ির কাঁটায় সকাল তখন ছ’টা হবে, বালিরঘাট এলাকায় সেতুর রেলিংয় ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| এরপর দুর্ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা| উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ায় অসহায় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন|
বাসটি সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে যাওয়ায় এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি| প্রশাসনের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে| আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে| তবে বেসরকারি সূত্রের খবর, রেলিং ভেঙে খালে বাস পড়ে যাওয়ায় ৭ জনের মৃত্যু হয়েছে| পাশাপাশি বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| নৌকা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে| বাসটিতে কমপক্ষে ৫০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে দমকল, ডুবুরি ও ক্রেন| তিনটি ক্রেনের সাহায্যে বাসটিকে খাল থেকে তোলার চেষ্টা চলছে|
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার ঠিক আগে ফোনে কথা বলছিলেন বাসের চালক| আর সেটাই হয়ে গেল কাল| বাস চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস পড়ে যায় খালে| প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবার বলেছেন, রেষারেষির জেরেই দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবোঝাই বাসটি| ভয়াবহ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|
দুর্ঘটনার অনেক পরে উদ্ধারকার্য শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন| ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়| পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও লাঠিচার্জের অভিযোগ উঠেছে| অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিও চালায় পুলিশ| প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুর্ঘটনার পরই রেসকিউ ভ্যান নিয়ে যাওয়া হয়েছিল| সেই গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়| এদিকে, ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দিল্লি থেকে মুর্শিদাবাদ ফিরছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী|
মুর্শিদাবাদে দুর্ঘটনা ও পুলিশের গাড়িতে হামলা প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বড় দুর্ঘটনা| তাই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে উঠেছিল|’ পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আহত ও নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে| মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘দুর্ঘটনা তো হয়েই যাচ্ছে| চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে| ভয়ঙ্কর ভাবে বাসটা নিচে পড়েছে| কিছু তো অসতর্কতা আছেই| একটু কড়াকড়ি দরকার আছে পুলিশ-প্রশাসনের| বহু জীবনহানি হচ্ছে| এটা কমাতেই হবে|’ বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘এই জাতীয় দুর্ঘিটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের| পুলিশ এখন তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত| রাজনৈতিক কাজে ব্যস্ত| সেই কারণে নিজের কাজ করছে না পুলিশ| গ্রামবাসীরা যে অভিযোগ করেছে সেটা সত্য| মৃতের পরিবারের প্রতি আমরা সহানুতিভূতিশীল| সমবেদনা জানাই| দোষীদের উপযুক্ত শাস্তি চাই|’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন