ক্রাইস্টচার্চ : পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত৷ সেমিফাইনালে প্রথমে ব্যাট করে শুভমন গিলের অপরাজিত ১০২ রানে ভর করে ২৭২ রান তোলে ‘মেন ইন ব্লু’৷ জবাবে বাংলার ঈশান পোড়েলের আগুনে বোলিংয়ে সুবাদে ২৯.৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস৷ ২০৩ রানে পাকিস্তানকে হারাল পৃথ্বী অ্যান্ড কোম্পানি৷
আইপিএলে অবিক্রিত ঈশানের ঝুলিতে এদিন এল চার উইকেট (৬-১৭-৪)৷ বল হাতে ডান হাতি পেসার ঈশানই ভারতের জয়ের রাস্তা পাকা করে দেন৷ স্পিনার সিভা সিং ও রিয়ান প্রয়াগ দুটি করে উইকেট পেয়েছেন৷ একটি করে উইকেট অনুকূল ও অভিষেকের৷ ফাইনালে (৩ ফেব্রুয়ারি)অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় দল৷
ম্যাচের সেরা হয়েছেন শুভমন৷ ৯৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান শুভমন৷ সেমিফাইনালে ভারতের ব্যাটিং ইনিংসের কারিগর ডানহাতি এই ব্যাটসম্যান৷ চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটাই ভারতীয় কোনও ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি৷ শুভমন ছাড়া পৃথ্বী-মনজ্যোত করল জুটি ভারতের ব্যাটিং ইনিংসের ভিত গড়ে দেন৷ হাফ সেঞ্চুরির থেকে ৯ রান আগে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক পৃথ্বী৷৷ মনজ্যোত আউট হন ৪৭ রানে৷ ডান-বাম ওপেনিং পার্টনারশিপে আসে ৮৯ রান৷ এছাড়া অনুকূল ৩৩ ও হার্ভিক ২০ রান করে শুভমনকে যোগ্য সংগত দেন৷
সেমিফাইনাল হেরে জঘন্য ফিল্ডিং ও ব্যাটিং বিপর্যয়কে দুষলেন পাক অধিনায়ক হাসান খান৷ ম্যাচে একাধিক ক্যাচ হাতছাড়া করে পাকিস্তান৷ তিনটে ক্যাচ ও সাতটা রান আউট মিস করে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল৷ ২৭৩ রান তাড়া করতে মেনে পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই ব্যাক্তিগত ২০ রানের গণ্ডি পেড়োতে পারেনি৷ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান রোহেল নাজির৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন