কলকাতা : আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হচ্ছে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পুরসভা-পুলিশ-প্রকাশকদের ব্যস্ততা। পুরসভা থেকে জানানো হয়েছে, উদ্বোধনের আগে সাফাইয়ের কাজ যতটা সম্ভব সেরে ফেলা হবে।
বিধাননগর পুরসভা এবং কমিশনারেটের পক্ষ থেকে যৌথভাবে একটি অ্যাপ চালু করা হয়েছে। মঙ্গলবার থেকেই সেই অ্যাপ ডাউনলোড করা যাবে। মেলার প্রত্যেকটি গেটের বাইরে সেই অ্যাপ সম্পর্কে বিজ্ঞাপনও থাকবে। অ্যাপে শুধু বইমেলার স্টল সম্পর্কেই নয়, পূর্ণাঙ্গ রুট ম্যাপ, যে স্টলে আছেন এবং যে স্টলে যেতে চান তার রুট তীর চিহ্ন দিয়ে দেখতে পাবেন।
পাশাপাশি বইমেলার বড় বড় পাবলিশার্সদের স্টল কোথায় (রুট সহ), আপনি যে স্টলে যেতে চান তাও রুট সহ দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
মেলা প্রাঙ্গণের মোট ন’টি গেটেই শিশুদের পরিচিতি স্বরূপ ‘চিলড্রেন্স কার্ড’ বিলি করা হবে। ডিসি (সদর) অমিত জাভালগি বলেন, প্রত্যেক অভিভাবকদের কাছে আবেদন করব যাঁরা ছোট বাচ্চাদের নিয়ে বইমেলায় আসবেন তাঁরা এই কার্ড সংগ্রহ করুন। তাতে সন্তানদের নাম, অভিভাবকদের নাম এবং যোগাযোগের নম্বর লিখে কার্ডটি সন্তানদের পকেটে বা হাতে দিয়ে রাখুন। যাতে কোনও বাচ্চা হারিয়ে গেলেও, ওই কার্ড দেখে পুলিস বা প্রশাসন তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন