আগরতলা : ত্রিপুরায় তৃতীয় ফ্রন্ট গঠনে কংগ্রেসের প্রয়াসকে তীব্র কটাক্ষ করেছেন ডঃ হিমন্তবিশ্ব শর্মা। তাঁর মতে, ত্রিপুরায় কংগ্রেস এখন সিপিআইএম-এর বি-টিম হয়ে কাজ করছে।
ত্রিপুরায় এসে ডঃ হিমন্তবিশ্ব শর্মা বলে গেছেন, "রাহুল গান্ধী সিপিআইএম-এর সঙ্গে গোপন বোঝাপড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ত্রিপুরার রাজনীতিতে কংগ্রেসের কোনও প্রাসঙ্গিকতাই নেই। আর তাদের নেতৃত্বে কোনও জোট হওয়া না-হওয়ায় ত্রিপুরার রাজনীতিতে কোনও প্রভাব পরবে না। কংগ্রেসের সঙ্গে জোট গঠনের চেষ্টায় যাঁরা রয়েছেন তাঁরা প্রকৃতপক্ষে সিপিআইএমকে সহযোগিতা করছেন। ফলে নির্বাচনে তাদের কোনও ভূমিকাই থাকতে পারে না।"
ডঃ হিমন্তবিশ্ব শর্মা উল্লেখ করেন, কোনও দল কংগ্রেসের সঙ্গে আঁতাতে গেলেও বিজেপি-আইপিএফটি জোটের কোনও ক্ষতি হবে না। কারণ বিজেপি প্রথম থেকেই বাম-বিরোধী ভোট যাতে ভাগাভাগি না-হয় তার জন্য গুরুত্ব আরোপ করে আসছিল। সে অনুযায়ী ভিন্ন দলের সঙ্গে অনেক বৈঠকও হয়েছে। প্রকৃত অর্থেই রাজ্যে একটি অ-বাম জোট চাইছে বিজেপি।
তিনি আরও বলেন, বিজেপি-র এই প্রচেষ্টায় সাফল্যও এসেছে। এখন যাঁরা এর বাইরে, তাঁরা সিপিআইএমকেই সহায়তা করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন