ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি - Aaj Bikel
 ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি

Share This



কাঁথি  : রামনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল ঢেলে ও টুলু পাম্প চালিয়ে জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,বুধবার বেলা প্রায় বারোটা নাগাদ আগুন লাগে খড়িবাড়িতে।আর সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক খড়িবাড়িতে লেগে যায়।ঘটনাটি ঘটেছে রামনগর-১ ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর বাধিয়া গ্রামে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলবাহিনী না পৌঁছায় গ্রামবাসীরা ক্ষুব্ধ।কয়েকহাজার গ্রামবাসীর তৎপরতায় আগুন আয়ত্তে আসে।

তবে খড়িবাড়িগুলোকে বাঁচানো যায়নি।সম্পুর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে খড়িবাড়ি।যদিও ঠিক কী কারনে এই আগুন লেগেছে সেই বিষয়ে কিছুই জানায়নি দমকল কতৃপক্ষ।এই ঘটনার জেরে মাথায় হাত পড়েছে উত্তর বাধিয়া গ্রামের খড়ি চাষি সুশান্ত মাইতির।তিনি বলেন,"এদিন হঠাৎ কীভাবে খড়িবাড়িতে আগুন লাগলো তা বুঝতেই পারছি না।বাড়ির অদুরে শোঁ শোঁ আওয়াজ শুনতে পেয়েই আমরা ছুটে যাই।গিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে খড়িবাড়ি। আগুনে বিঘা পাঁচ-ছয়েক খড়িবাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে।"স্থানীয় বাসিন্দা আশীষ মাইতি বলেন,"বছর দুএক আগে ঠিক এই জায়গায় আগুন লেগেছিল।

সেবারেও কয়েক বিঘা খড়িবাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল।তবে এদিন আগুন লাগলো কীভাবে?তা বুঝতে পারছিনা।খবর দেওয়া সত্বেও দমকল না আসায় আমরা গ্রামবাসীরা পাম্প চালিয়ে এবং পুকুর থেকে বালতি-বালতি জল ঢেলে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আগুন আয়ত্তে আনা হয়।"এ বিষয়ে রামনগর-১ ব্লকের বিডিও অনুপম বাগ বলেন,"স্থানীয় কোন বাসিন্দা তার নিজের জমিতে পড়ে থাকা খড় এবং আগাছায় আগুন লাগায়।আর সেই আগুন ছড়িয়ে পড়ে খড়িবাড়িতে লেগে যায়।প্রায় পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি ভস্মীভূত হয়েছে।"তিনি আরও বলেন,"আমি স্থানীয় পঞ্চায়েতকে বলেছি লক্ষ্য রাখতে।তবে এই বিষয়ে কোন লিখিত কেউ অভিযোগ জানালে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হবে।"

কোন মন্তব্য নেই: