রাজ্যের অতিরিক্ত ধান অন্য রাজ্যকে দেওয়ার আবেদন কেন্দ্রের - Aaj Bikel
রাজ্যের অতিরিক্ত ধান অন্য রাজ্যকে দেওয়ার আবেদন কেন্দ্রের

রাজ্যের অতিরিক্ত ধান অন্য রাজ্যকে দেওয়ার আবেদন কেন্দ্রের

Share This


কলকাতা : রাজ্যের ধান সংগ্রহের প্রশংসা করে খাদ্য দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার । অতিরিক্ত ধান অন্য রাজ্যকে দেওয়ার আবেদন জানাল কেন্দ্র । এর আগেই অবশ্য ধান সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার অভিযোগ ছিল,ধান উত্‍পাদনে রাজ্য প্রথম । অথচ এরাজ্য থেকে সবচেয়ে কম পরিমাণে ধান সংগ্রহ করছে কেন্দ্র । তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ধান তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ডকে দেওয়ার আবেদন জানাল । আবেদন জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র । কেন্দ্রের এই প্রশংসার কথা সংসদের আগামী অধিবেশনে উল্লেখ করবেন বলে জানান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

ঠিক সময়ে ধান কেনা শুরু হয়নি । ধানের সঠিক দামও মেলেনি । এই জোড়া অভিযোগে গত কয়েকবছর ধরেই কাঠগড়ায় রাজ্য সরকার । চরম সংকটে রাজ্যের চাষিরা । রাজ্য সরকারের নির্দেশ মেনে ধানকলে ধান জমা দিয়ে চেক মিললেও টাকা মেলেনি বলে অভিযোগ । ঋণ শোধ করতে না পেরে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকরা আত্মঘাতী হওয়ায় প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার । ধান সংগ্রহ নিয়ে তাই কেন্দ্রের ওপর চাপ তৈরির কৌশল নেয় রাজ্য । পশ্চিমবঙ্গ থেকে ধান কেনায় কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, ধান উত্‍পাদনে দেশে প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৮ শতাংশ ধান সংগ্রহ করে কেন্দ্র । অথচ দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশ থেকে ৬২ শতাংশ ধান সংগ্রহ করা হয় । এই বৈষম্যে রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য থেকে ধান সংগ্রহের পরিমাণ ৮ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার আর্জি জানিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের কৃষি উপদেষ্টার বক্তব্য, ধান সংগ্রহের পরিমাণ বাড়লে কুইন্টাল পিছু ১৪০০ টাকা করে দাম পেয়ে লাভবান হবেন রাজ্যের কৃষকরা । ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর চাপেই অন্য রাজ্যে ধান সরবরাহের আবেদন জানাল কেন্দ্রীয় সরকার ।

কোন মন্তব্য নেই: