কলকাতা: বিধানসভায় রাজ্যপালের ভাষণে রাজ্যের প্রকৃত ছবি পাওয়া গেল না বলে মন্তব্য করল সিপিআই (এমএল) লিবারেশন৷ তাদের মতে, অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণ অত্যন্ত কৃত্রিম ও বাস্তববর্জিত৷
দলের রাজ্য কমিটির সম্পাদক পার্থ ঘোষ এদিন বলেন, “রাজ্যজুড়ে শিশু ও নারীদের উপর হিংসার ঘটনাবলী যে মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছেছে, তা এবং প্রশাসনিক শিথিলতা ও সামাজিক নৈরাজ্যের পরিণতি নিয়ে রাজ্যপাল তাঁর ভাষণে নীরব৷”
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চা শ্রমিকরা অনাহারে মারা যাচ্ছে৷ চা বাগানগুলি পরিকল্পিতভাবে লকআউটের কবলগ্রস্থ৷ শ্রমিকরা মূল্যবৃদ্ধির সাপেক্ষে ন্যূনতম মজুরি পায় না৷ উত্তরবঙ্গের চা বাগানে শ্রমিকরা গত ২৪ তারিখ উত্তরকন্যা অভিযান করল৷ রাজ্যপালের ভাষণে এ সব নেই৷
দলের রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন, “শিল্পপতিদের নিয়ে বিশ্ব বানিজ্য সম্মেলন বা এ ধরণের অনুষ্ঠান হলেও শিল্প স্থাপনের কোনও ছবি রাজ্যপালের ভাষণে নেই৷ রাজ্যে গণতন্ত্র আক্রান্ত ও রক্তাক্ত৷ বিরোধী দলগুলির সভা-সমাবেশ হামলার মুখে৷ ভাঙরের কৃষকরা জমি রক্ষার আন্দোলনে আক্রান্ত, দু’জন যুবক গুলিতে নিহত৷ আজও বিচার হল না৷
সিপিআই (এমএল) লিবারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমাগত বাড়ছে৷ হাজিনগর, ধূলাগড়, বসিরহাট যার উদাহরণ৷ এই শক্তিগুলির বিরুদ্ধে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্যপালের ভাষণে নেই৷ সিন্ডিকেট রাজের চরম যে দৌরাত্ম চলছে, তা বন্ধ করা নিয়ে সরকার কী ভাবছে, সেই কথাও নেই রাজ্যপালের এ দিনের ভাষণে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন