কলকাতা: এই সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়াবে বলে মঙ্গলবার জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ ফলে, প্রায় বিদায় নিতে চলেছে শীত ৷ মঙ্গলবার আরও ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা ৷ সোমবার , ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ৷ এদিন তা বেড়ে হল, ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ৷ আবহাওয়াবিদদের মতে,পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরে হাওয়া জোরালো হয়েছে ৷ তার জেরেই নেমে আছে তাপমাত্রা ৷ জানুয়ারির শেষ লগ্নে শীতের এই আমেজ আপাতত থাকবে ৷ একটু শীতের আমেজ থাকলেও, সেটা আর বেশিদিন স্থায়িত্ব পাবে না ৷
রাজ্য বাজেটের সব খবর পড়ুন এই লিঙ্কে
কাশ্মীরের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা এখন সরে যাচ্ছে ৷ উত্তুরে হাওয়াকে বাধা দেওয়ার মতো কোনও ব্যবস্থা আবহাওয়ামণ্ডলে নেই ৷ তাই এখনই উত্তুরে হাওয়া দুর্বল হওয়ার মতো পরিস্থিতি নেই ৷ কয়েকদিন পর ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে আসতে পারে ৷ আপাতত শীতের আমেজ থাকলেও তখন এরাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে ৷ ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে শীতের আমেজ থাকলেও, মাস যত এগবে শীতের কামড় ততই কমবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা ও উত্তুরে হাওয়ার গতিপ্রকৃতির উপর শীতের বিদায় নির্ভর করছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷ অন্যদিকে, বাংলাদেশে ফের ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে ৷ এর জেরে উত্তরবঙ্গে এখন ঘন কুয়াশা ৷ ঘন কুয়াশা হবে নদীয়া এবং মুর্শিদাবাদেও ৷
বুধবার কলকাতার আকাশ পরিস্কার থাকবে ৷ মঙ্গলবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার ৷ আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন, ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিক ৷ বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৫ শতাংশ ৷ সর্বনিম্ন, ৪৭ শতাংশ ৷ গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন