কলকাতা: আজ পেশ হচ্ছে রাজ্য বাজেট৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বাজেটে কোন দিকগুলি গুরুত্বের সঙ্গে উঠে আসে, সে দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের৷ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্ধারিত সময় মে-জুন মাস৷ কারণ, মে মাসের মাঝামাঝি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা৷ তাই ওই সময়েই ভোট হবে বলে শনিবার জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তবে ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন হবে, তা জানতে হলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে৷ রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সবুজ সঙ্কেত' না পাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে৷
কেন্দ্রীয় বাজেটে পেশ হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি৷ ওই দিনই রাজ্য বাজেটও পেশ হওয়ার কথা ছিল৷ কিন্তু, শেষমুহূর্তে তা পরিবর্তন হয়৷ বুধবার বিকেল ৩টে নাগাদ বাজেট পেশ করা হবে৷ বিধানসভায় উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীরা৷
উপস্থিত থাকবেন বিরোধীরাও৷ শারীরিক অসুস্থতার কারণে বসেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ নবান্ন সূত্রে খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে রাজ্য সরকার৷ নির্বাচনের আগে রাজ্য সরকারি দফতরগুলিতে বরাদ্দ অর্থ খরচ করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলায় জেলায় চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন