কলকাতা : আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আক্রমনকারীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এ সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বাইরের দিকেই ওঁর (প্রধানমন্ত্রী) নজর! ঘরে কী হচ্ছে দেখুন!”
শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল| স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুপুরে কাবুলে অবস্থিত আভ্যন্তরীণ মন্ত্রকের পুরনো বিল্ডিংয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন| এদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী আছে| সূত্রের খবর, আক্রান্ত পড়ুয়াদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন|
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে শনিবার বিধানসভা ভবনে পার্থবাবু বলেন, “আমি প্রধানমন্ত্রীর সমবেদনার সমালোচনা করব না| তবে, উনি দেখুন এ দেশে কত শিশু আক্রান্ত হচ্ছে! বিদেশের শিশুরা শিশু, আর এ দেশের শিশুরা কি শিশু নয়?” এই প্রসঙ্গে পার্থবাবু ‘পদ্মাবত’-এর প্রসঙ্গ নিয়ে আসেন| তিনি বলেন, “সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে অনেক তান্ডব হয়েছে| কোথায় উনি তো কোনও টুইট করলেন না?” এই সব তান্ডবের নেপথ্যে কি বিজেপি-র মদত আছে? উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই তো এই তান্ডব চলছে| ওরা এই সব হামলার পিছনে আছে, এটা তো সর্বজনবিদিত!কখনও কখনও আর এস এস আছে| বাক স্বাধীনতার ব্যাপারে ওরা ছড়ি ঘোড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, "ওদের এই মনোভাব রীতিমত নিন্দনীয়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন