অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলস জয় করলেন ক্যারোলিন ওজিনিয়াকি - Aaj Bikel
অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলস জয় করলেন ক্যারোলিন ওজিনিয়াকি

অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলস জয় করলেন ক্যারোলিন ওজিনিয়াকি

Share This


মেলবোর্ন  : অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলস জয় করলেন ক্যারোলিন ওজিনিয়াকি। মহিলাদের সিঙ্গলস লড়াইয়ে ময়দানে নেমেছিলেন ক্যারোলিন ওজিনিয়াকি এবং সিমোনা হালেপ। কিন্তু যুদ্ধ জয়ের শেষ হাসিটা হাসলেন ক্যারোলিনই। জিতলেন অস্ট্রেলিয়া ওপেন। ম্যাচের ফলাফল ৭-৬ (২), ৩-৬, ৬-৪। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম খেতাব জয় করলেন ক্যারোলিন। পাশাপাশি বিশ্ব টেনিস ক্রমতালিকায় তিনি শীর্ষস্থান দখল করলেন।

বিশ্ব টেনিসে ইতিহাস সৃষ্টি করলেন ক্যারোলিন। প্রথম কোনও ড্যানিশ টেনিস তারকা হিসাবে তিনি গ্র্যান্ড স্লাম জয় করলেন। আজ বিশ্বের এক নম্বর এবং দু'নম্বর তারকার মধ্যে টানটান লড়াই দেখতে পাওয়া যায়। প্রথম সেটটি ৫২ মিনিট ধরে চলে। এই সেটে ৭-৬ (২) পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেন ক্যারোলিন। তারপর থেকেই জয়ের প্রহর গুনতে শুরু করে দেয় ওজিনিয়াকি সমর্থকেরা। কারণ পরিসংখ্যান বলছে, ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত ক্যারোলিন মোট ৩৫টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে প্রথম সেট জেতার পর ৩৩টি ম্যাচেই তিনি জয়লাভ করেছেন। মাত্র দুটি ম্যাচ হেরেছেন।

কিন্তু দ্বিতীয় সেটে স্বপ্নভঙ্গ হয়। সেটটি ৩-৬ পয়েন্টের ব্যবধানে জেতেন সিমোনা। ততক্ষণে এক ঘণ্টা ৪০ মিনিট খেলা হয়ে গেছে। খানিকক্ষণ পর দুজনেই কোর্টে ফিরে আসেন। শুরু হয় তৃতীয় সেট। এবার ক্যারোলিন ২-০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলেও, সেই লিঢ ধরে রাখতে পারেননি। একটা সময় ৩-২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকেন ক্যারোলিন। ২ ঘণ্টা ২৪ মিনিট কেটে গেছে। তৃতীয় সেটের ফলাফল ৩-৩। এরপর তো ৪-৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান সিমোনা। সকলেই ভাবতে শুরু করেছেন এবার বোধহয় অঙ্ক অন্যদিকে হিসেব মেলাতে শুরু করেছে। কিন্তু, ওইটুকুই। এরপর আর সিমোনাকে কোনও সুযোগ দেননি ক্যারোলিন। অবশেষে জয়লাভ করলেন এই ড্যানিশ টেনিস তারকা।

ম্যাচের পর ক্যারোলিন বলেন, "বহু বছর ধরে এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করেছি। আজ আমার স্বপ্ন সার্থক হয়েছে। আমি এখন রীতিমতো কাঁপছি। প্রচন্ড কাঁদতে ইচ্ছে করছে।"

কোন মন্তব্য নেই: