লজ্জা! জীবিত ছাত্রের আত্মার শান্তি কামনায় শোকসভা স্কুলে - Aaj Bikel
লজ্জা! জীবিত ছাত্রের আত্মার শান্তি কামনায় শোকসভা স্কুলে

লজ্জা! জীবিত ছাত্রের আত্মার শান্তি কামনায় শোকসভা স্কুলে

Share This
 নন্দকুমার: হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর ১৮-র ছাত্রটি৷অথচ গুজবের জেরে তাঁর আত্মার শান্তি কামনায় শোকসভা পালন করা হল স্কুলে৷এমনকি ছাত্র মৃত্যুর শোকে টানা দু’দিন ছুটি দিয়ে দেওয়া হল স্কুল৷ ঘটনাস্থল, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক গৌরমহন ইনস্টিটিউশন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের এহেন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন সর্বস্তরের মানুষ৷ তাঁদের মতে, এরকম একটি স্পর্শকাতর বিষয়ে স্কুল কর্তৃপক্ষর আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল৷সংশ্লিষ্ট ছাত্রের বিষয়ে নিশ্চিত না হয়েই এভাবে শোকপালন ও স্কুল ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হাসমত আলি বলেন, ‘‘বিষয়টি শুনেছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷’’


স্থানীয় সূত্রের খবর, গৌরমহন ইনস্টিটিউশনের ওই ছাত্রের নাম মনোজ মাইতি (১৮)। গত ২৫ ডিসেম্বর সে স্কুল যাওয়ার পথে মারুতির ধাক্কায় জখম হয়েছিল৷ গুরুতর আঘাত লাগে৷ জেলা হাসপাতাল হয়ে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ মনোজের পরিবার সূত্রের খবর, সেখানেই এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ চিকিৎসকরা জানিয়েছে, শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷

এরই মাঝে কে বা কারা স্কুলে রটিয়ে দেয় যে মনোজ মারা গিয়েছে৷ সেই গুজবের সত্যতা যাচাই না করেই গত মঙ্গলবার মনোজের আত্মার শান্তি কামনায় স্কুল ক্যাম্পাসে শোকসভা পালন করে স্কুল কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রমৃত্যুর শোকে মঙ্গল ও বুধবার স্কুল ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ৷ স্বভাবতই কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল৷ বারংবার চেষ্টা করা হলেও স্কুল কর্তৃপক্ষের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

কোন মন্তব্য নেই: