শিক্ষক নিয়োগ: ১০০ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা জানলে চমকে উঠবেন - Aaj Bikel
শিক্ষক নিয়োগ: ১০০ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা জানলে চমকে উঠবেন

শিক্ষক নিয়োগ: ১০০ শূন্যপদে আবেদনকারীর সংখ্যা জানলে চমকে উঠবেন

Share This

কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যে প্রায় ৮১ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দিয়েছে তাঁর সরকার৷ কিন্তু, সরকারের তরফে ঢাকঢোল পিটিয়ে কর্ম সংস্থানের পরিসংখ্যান তুলে ধরলেও সাফল্যের দাবি জানানো হলেও বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা৷ কলকাতা পুরসভায় শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীদের আবেদনের হিড়িক নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে৷



কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্প্রতি পুরসভার তরফে ১০০টি শূন্যপদের শিক্ষক  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ বিজ্ঞপ্তি জারি হতেই আবেদনের হিড়িক পড়ে যায় শহরের চাকরি প্রার্থীদের মধ্যে৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ১০০টি শূন্যপদের জন্য প্রায় ১৮ হাজার আবেদন জমা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ শিক্ষক নিয়োগের জন্য সাধারণ স্নাতক প্রার্থী চাওয়া হলেও এমএ ও গবেষণারত প্রার্থীরাও চাকরির জন্য আবেদন করেছেন বলে খবর৷



জানা গিয়েছে,  কলকাতা পুরসভার শিক্ষক নিয়োগের ১০০টি শূন্যপদে লিখিত পরীক্ষা হবে ৩১ডিসেম্বর৷ শনিবার থেকে পরীক্ষার্থীরা পুরসভার ওয়েব সাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন৷ ৩১ডিসেম্বর দুপুর ১২টায় নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা৷ কলকাতার পুর এলাকার ১৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ ওই দিন মোট ১৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসবেন৷ অ্যাডমিট ডাউনলোডে সমস্যা হলে পুরসভার ওয়েবসাইট বা হেল্পলাইনে পরীক্ষার্থীদের যোগাযোগ করার কথা বলা হয়েছে৷ শনিবার থেকে এসএমএসের মাধ্যমেও রোল নম্বর পাঠানো শুরু হবে বলে পুরসভা সূত্রে খবর৷

কোন মন্তব্য নেই: