স্টাফ রিপোর্টার, সিউড়ি: প্রতিবন্ধী নাবালিকা ছাত্রীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে আগামী সপ্তাহে গোটা বীরভূমজুড়ে প্রতিবাদের ডাক দিল প্রতিবন্ধী সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে সিউড়ি জেলা আদালতে গণেশ দাসকে তোলার সময় বিক্ষোভ দেখান হয়। সিউড়ি নাবালক আদালত প্রতিবন্ধী নাবালিকা ছাত্রী ধর্ষণে অভিযুক্ত গণেশ দাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
গত সোমবার সিউড়ির কড়িধ্যা কাশীপুরে তেলেভাজার লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ আনে তার পরিবার। বারো বছরের পোলিও আক্রান্ত ওই নাবালিকাকে প্রায় দিনই তেলেভাজার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন বলে তার পরিবারের অভিযোগ।
নাবালিকার মাসি জানান, ঘটনার দিন বাড়িতে গণেশের স্ত্রী ছিল না। সেই সুযোগে নিজের দোকানের তেলেভাজা নিয়ে তাকে খাওয়ানোর লোভ দেখিয়ে পোলিও আক্রান্ত নাবালিকাকে বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার ওপর অত্যাচার চালায় ব্যবসায়ীটি। বিষয়টি জানাজানি হয় বিকালে কাজ সেরে বাড়িতে তার মা ফিরলে। মনখারাপ করে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞাসা করতেই মাকে তার ওপর অত্যাচারের কথা জানায় ওই ছাত্রী। ঘটনার জানাজানি হতেই গা ঢাকা দেয় চপ ব্যবসায়ী বছর চল্লিশের গণেশ দাস।
বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ।
নাবালিকার ওপর অত্যাচার, ধর্ষণ ও আইজিআই জামিন অযোগ্য ধারায় মামলা করে সিউড়ি থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আদালতে তোলার সময় প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। সংগঠনের রাজ্য কমিটির সদস্য শেখ বদরুদ্দোজা বলেন, ‘‘আমরা প্রতিবন্ধী মানে দুর্বল নই। আগামী সপ্তাহে তা প্রমাণ করে দেব। আমাদের ওপর এভাবে নির্যাতনের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন