কলকাতা : আগামী পঞ্চায়েত ভোটে পরিবেশকের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়ার দাবি জানাল ‘সবুজ মঞ্চ’। মঙ্গলবার সংগঠনের তরফে এ ব্যাপারে ১৭-দফা দাবিপত্র পেশ করা হয়।
পরিবেশ-সংক্রান্ত আইনকানুনের ওপর পঞ্চায়েতগুলি গুরুত্ব দিচ্ছে না। এই অভিযোগ করে ‘সবুজ মঞ্চ’-র আহ্বায়ক নব দত্ত এদিন সাংবাদিকদের বলেন, “গ্রামে পরিবেশ মূল্যায়ন ও অগ্রাধিকারের ভিত্তিতে পরিবেশগত পরিকল্পনা রূপায়ণ করার দাবি রাখা হয়েছে।” অন্য দাবিগুলির মধ্যে আছে, পঞ্চায়েতের কাজ দেখতে প্রতি অঞ্চলে নোডাল অফিসার নিয়োগ, ভূগর্ভস্থ জলের নিয়ন্ত্রিত ব্যবহার, প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা, ধূমহীন চুল্লি বা সমগোত্রীয় জিনিস ব্যবহার করে ঘরের অভ্যন্তরীণ দূষণে লাগাম দেওয়ার চেষ্টা প্রভৃতি।
সংগঠনের তরফে পরিবেশ আন্দোলনের অঙ্গ হিসাবে ‘পাহাড় থেকে সাগর’ অভিযানের ডাক দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারী কল্লোল রায় নামে এক অভিযাত্রী তাঁর নেতিবাচক বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। কল্লোলবাবু এ দিন বলেন, “২৫ কিলোমিটার পথে অন্তত ২০ জায়গায় ব্যঙ্গ শুনতে হয়েছে। যাঁদের স্বার্থে ঘা লাগছে, অন্যায়, অবাস্তব অভিযোগ এনে পরিবেশবাদীদের হেয় করার চেষ্টা করেছেন।”
পরিবেশ আন্দোলনকে ঢাল করে অনেক রাজনীতিক নানাভাবে স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন। এই দাবি করে কল্লোলবাবু অভিযোগ করেন, “গ্রামবাসীদের একাংশের সঙ্গে এই কাজে শামিল হচ্ছেন স্থানীয় নেতা ও মাফিয়ারা।” পরিবেশ বজায় রেখেই যশোর রোড সম্প্রসারণ সম্ভব বলে দাবি করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন