পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাম নবমীতে ঝড় তুলতে চাইছে বিজেপি - Aaj Bikel
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাম নবমীতে ঝড় তুলতে চাইছে বিজেপি

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাম নবমীতে ঝড় তুলতে চাইছে বিজেপি

Share This

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাম নবমী নিয়ে ঝড় তুলতে চাইছে রাজ্য বিজেপি । রাজ্যে রাম নবমীর কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় নেতারাও অংশ নিতে পারেন বলে খবর । কিন্তু তাতে বাধ সাধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । মঙ্গলবারই তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না । পুলিশকে কড়া নজর রাখতে হবে ।

গত বছর রাম নবমীর কর্মসূচিতে বিপুল অংশগ্রহণ থাকায় তাদের পক্ষে হাওয়া উঠেছিল বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব । সেই হাওয়া এবারও ধরে রাখতে চান বিজেপির কেন্দ্রীয় নেতারা । সেই মর্মে দিল্লি থেকে নির্দেশও এসেছে । বিজেপি কর্মীরা তাই পুরোদমে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত । সংঘ পরিবারও চাইছে রামনবমী কর্মসূচি সামনে রেখে আগামীদিনেও সেই হাওয়া ধরে রাখতে । সংঘের শীর্ষ কর্তারা মনে করছেন, রামনবমীর মিছিলে মানুষের অংশগ্রহণে বিজেপির পক্ষে এ রাজ্যে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজ্য বিজেপি মনে করে , গত বছর রাম নবমী পালনে যেভাবে হিন্দুত্ববাদী সংগঠন গুলোর ব্যানারে রাজ্যজুড়ে মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ, তা তাদের রাজনৈতিক সাফল্যেরই ইঙ্গিত ।

এবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ২৪ শে মার্চ মেদিনীপুরে এবং ২৫ শে মার্চ খড়গপুরে শোভাযাত্রায় অংশ নেবেন । তার হাতে থাকবে গদা । এভাবেই নিজের বিধানসভা কেন্দ্রে ঘুরবেন তিনি । দিলীপ ঘোষের বক্তব্য, রাম নবমীতে এতদিনের যা পরম্পরা সেটা মেনেই সব হবে । এবার আরও বড় ভাবে হবে । বুথ থেকে রাজ্য সবস্তরের নেতা,কর্মীরাদের অংশ নিতে বলা হয়েছে । গত বছরও খড়গপুরে অস্ত্র হাতে মিছিলে হেঁটে ছিলেন স্থানীয় বিধায়ক দিলীপ ঘোষ । তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ । জেলায় জেলায় অস্ত্র হাতে মিছিল করেছিলেন সঙ্ঘ পরিবারের সদস্যরা । রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল হয়েছিল খোদ কলকাতাতেও ।

ভবানীপুর, এন্টালি, গড়িয়াতে সশস্ত্র মিছিল করেছিলেন সঙ্ঘের সমর্থকরা । তবে এবার রাম নবমীতে রাজ্যে অশান্তি রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই, এবছর অবশ্য রাম নবমীতে অশান্তি রুখতে সতর্ক প্রশাসন ।

কোন মন্তব্য নেই: