রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে এবার তৎপর হল দেশের শীর্ষ আদালত। বিভিন্ন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের অবস্থা কেমন, সেদিকে বিশেষ নজর দিল সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন জায়গায় ওই শরণার্থীদের ক্যাম্পের বেহাল দশা তুলে ধরে আদালতে পিটিশন দাখিল করা হয়। পিটিশনে বলা হয়, বহু ক্যাম্পে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগসুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। যদিও কেন্দ্রের তরফে এই দাবি অস্বীকার করা হয়। সোমবার রোহিঙ্গা ইস্যু নিয়ে শুনানিতে এ ব্যাপারে কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান, জম্মু-কাশ্মীরে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের হাল কেমন তা নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে ২ সপ্তাহের মধ্যে সামগ্রিক রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।সোমবার রোহিঙ্গা ইস্যু সমাধানের ভার প্রশাসনকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। এমনকি, প্রতিবেশী দেশের সঙ্গে এ নিয়ে যে কূটনৈতিক স্তরে বোঝাপড়া চলছে সে ব্যাপারেও আদালতকে অবগত করেন তিনি। এই ইস্যুতে শীর্ষ আদালতকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে আবেদন জানায় সরকারপক্ষ। যদিও কেন্দ্রের এই আবেদন খারিজ করে দেয় আদালত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন