কর্মসংস্থান বাড়াতে অল্প সুদে ঋণ দেবে সরকার, কীভাবে পাবেন সুবিধা? - Aaj Bikel
কর্মসংস্থান বাড়াতে অল্প সুদে ঋণ দেবে সরকার, কীভাবে পাবেন সুবিধা?

কর্মসংস্থান বাড়াতে অল্প সুদে ঋণ দেবে সরকার, কীভাবে পাবেন সুবিধা?

Share This

হাওড়া: রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নতুন প্রকল্প হাতে নিল রাজ্য সরকার৷ জানা গিয়েছে, শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি৷ এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

বর্তমান তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিরোধীরা মূলত বেকার সমস্যা নিয়ে সোচ্চার হচ্ছে৷ রাজ্যে কর্মসংস্থানের কোনও ব্যবস্থা করা হচ্ছে না বলে বিরোধীরা ইস্যুও করেছে৷  সেই কারণেই রাজ্য সরকার বেকার যুবকদের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে৷ আর এই প্রকল্প সাফল্যের মুখ দেখলে আগামী আর্থিক বছরের মধ্যে অন্তত ৪ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে সমবায় দফতরের অফিসাররা মনে করছেন।

জানা গিয়েছে, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব অল্প সুদে ঋণ দেওয়া হবে৷ প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে৷ তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে৷ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে৷ তবে, এই সুবিধা পেতে সমবাইগুলির সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও জানা গিয়েছে৷ 

গোটা রাজ্যে ৪৩টি আরবান সমবায় ব্যাঙ্ক ও ৫৫০টি আরবান ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি রয়েছে৷ ওই আরবান ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমেই বেকার যুবকদের ঋণ দেওয়া হবে৷ যাঁরা ঋণ পাবেন, তাতে পরিবহণ ব্যবসা, ছোট শিল্প ইত্যাদি করতে পারবেন৷ কেউ ব্যক্তিগতভাবে ঋণ নিলে, তাঁদের নিয়ম অনুযায়ী ১১ শতাংশ হারেই সুদ দিতে হবে৷ 

সমবায় দপ্তর সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কের নিজস্ব মূলধনের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা৷ কয়েকদিন আাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, এই মূলধনের পরিমাণ এক লক্ষ কোটি টাকা করতে হবে৷ অর্থাৎ আরও ৩৫ হাজার কোটি টাকা ব্যাঙ্কের নিজস্ব মূলধন করতে হবে৷ তা করা গেলে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে মানুষ অনেক বেশি উপকৃত হবেন৷

কোন মন্তব্য নেই: