হাফলং : এনসিহিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম আগামী ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে। উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদল করে ডিমা হাসাও জেলা করার পর জেলার অ-ডিমাসা উপজাতি জনগোষ্ঠীদের নিয়ে গঠিত হয়েছিল ইন্ডিজেনাস পিপলস ফোরাম। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে আন্দোলন করে আসছে ফোরাম। কিন্তু রাজ্য সরকার ইন্ডিজেনাস পিপলস ফোরামের দাবি নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না-বলে অভিযোগ।
এ নিয়ে গত ৮ মার্চ ইন্ডিজেনাস পিপলস ফোরামের পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং রাজ্যের মুখ্যসচিবের কাছে এক স্মারকলিপি দিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে পাহাড়ি জেলাকে দুভাগ করার বিষয়টি নিয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করে ফোরামের সভাপতি এক বিবৃতিতে জানিয়েছেন, ১৪ মার্চ ইন্ডিজেনাস পিপলস ফোরামের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনাক্রমে রাজ্য সরকার ইন্ডিজেনাস পিপলস ফোরামের দাবি নিয়ে গুরুত্ব না-দেওয়ায় আগামী ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধের ডাক দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যতদিন পর্যন্ত রাজ্য সরকার নিজে থেকে তাদের দাবি নিয়ে বৈঠক ডাকবে না, ততদিন পর্যন্ত বনধ অব্যাহত থাকবে, জানান এল কুকি। এ ব্যাপারে ইতিমধ্যে ডিমা হাসাওয়ের জেলা শাসক অমিতাভ রাজখোয়ার কাছে ইন্ডিজেনাস পিপলস ফোরামের পক্ষ থেকে একটি চিঠি তুলে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন