আজ বিকেল: আসন্ন বিধানসভা নির্বাচনে রবিবার আনুষ্ঠানিক ভাবে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইস্তেহার প্রকাশ করেন। এই ইস্তেহারে ছিল কর্মচারীদের ৭ম বেতন কমিশন, শ্রমিকদের মুজরি ৩৪০ টাকা, মেয়েদেরকে স্নাতক পর্যন্ত ফ্রিতে পড়াশুনা, রোজভ্যালিকাণ্ডে সুষ্ঠু তদন্ত, গরিবদের জন্য বিনা খরচে স্বাস্থ্য বীমা এবং চুক্তিবদ্ধ কর্মীদের নিয়মিত করা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে ইস্তেহার প্রকাশ করা হয়। এদিনের এই ইস্তেহার প্রকাশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক তথা আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির সংসদীয় কমিটির সদস্য শাহনওয়াজ হুসেন ও বিজেপির মুখপাত্র ড. অশোক সিনহা।
বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে যুবকদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরী করা সহ বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ এই ইস্তেহার বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার নজরদারী চালাবে বলে জানিয়েছেন। ইস্তেহারে সব গরীবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, কৃষকদের আয় বৃদ্ধি, মহিলাদের বিনামূল্যে স্নাতকস্তর পর্যন্ত শিক্ষা প্রদান, প্রতি পরিবারের একটি করে সরকারি চাকরী, গৃহহীনদের গৃহ প্রদান, অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা সহ বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ত্রিপুরায় বামফ্রন্টের দীর্ঘ ২৫ বছর শাসনের অবসানের সুবর্ণ সুযোগ এসেছে। তা কাজে লাগানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
এদিকে, আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিনদিনের ত্রিপুরা সফরে এসে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি একাধিক জনসভা ছাড়াও রোড শো করেছেন। আর মাত্র ৭ দিন বাকি রয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিভিন্ন স্থানে বিরাজ করছে। আজ সকালে রাজধানী আগরতলা থেকে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিজেপি কর্মীর নাম মধুসুদন দেব। এছাড়া শনিবার রাতে মজলিশপুরে বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরীর উপর আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী গুরুতর ভাবে আহত হয়েছেন। বিজেপি রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন। এদিকে, বিজেপি রাজ্যে হিংসা ছড়াচ্ছে বলে সিপিএম অভিযোগ করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধরের অভিযোগ ত্রিপুরায় প্রচুর বহিরাগত লোক ঢুকেছে। তারাই রাজ্যে অসান্তির সৃষ্টি করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন