অকল্যান্ড: ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট জয় করল অস্ট্রেলিয়া। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে চার-ছক্কার বৃষ্টিতে রান উৎসবের এক রোমাঞ্চকর ম্যাচই উপভোগ করলেন দর্শকরা। ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
টি-২০তে এটি রান তাড়া করার বিশ্ব রেকর্ড। দু’দলের মোট রান ৪৮৮। অল্পের জন্য নতুন কীর্তি লেখা হয়নি। শীর্ষে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (৪৯৯)। ত্রিদেশীয় টি-২০ সিরিজে টানা চার ম্যাচে জিতে আগেই ফাইনাল পৌঁছে গিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। অজিদের জয়ে শিরোপা দৌড়ে টিকে গেল ইংল্যান্ড। অাগামী ১৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে চূড়ান্ত হবে ২১ ফেব্রুয়ারির দ্বিতীয় ফাইনালিস্টের দল।
এ নিয়ে রাউন্ড রবিন পর্বের দুই ম্যাচেই কিউইদের হারাল অজিরা। সিডনিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ১১৭ রানে থামিয়ে সাত উইকেটের জয়ের পর প্রতিবেশীর মাঠেও দাপট দেখিয়ে অপরাজেয় ধারা বজায় রাখল তারা। অ্যারন ফিঞ্চ ১৪ বলে ৩৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করেন। ১২১ রানের উদ্বোধনী জুটিতে (৮.৩ ওভার) শক্ত ভিত গড়ে দেন ডেভিড ওয়ার্নার (২৪ বলে ৫৯) ও ডি’আর্কি শর্ট (৪৪ বলে ৭৬)। ক্রিস লিন ১৩ বলে ১৮ ও গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৪ বলে ৩১।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৪৩ রানের বড় রান করে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ও কলিন মানরো ওপেনিং জুটিতে এনে দেন ১৩২ (১০.৪ ওভার)। ৪৯ বলে শতরান পূরণ করেন গাপটিল (১০৫)। ইনিংসে ছিল ৬টি চার ও ৯টি ছক্কা। মানরোর ব্যাট থেকে আসে সমান ৬টি চার-ছক্কায় ৩৩ বলে ৭৬। ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রস টেইলর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন