আগরতলা : কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কর্তৃক প্রকাশিত বিজেপি-র ‘ভিশন ডকুমেন্ট’ (নির্বাচনী ইস্তাহার)-কে আবারও জুমলা বলে আখ্যা দিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর। তাঁর মতে, অরুণ জেটলির উল্লেখিত বিষয়গুলি বাস্তবায়িত হওয়ার নয়।
সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, "নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই পূরণ হয়নি। এখন তাঁদের দলের নেতাই বলছেন এটা রাজনৈতিক জুমলা। রাজ্যেও এমনটাই হবে। বিজেপি-র ভিশন ডকুমেন্টও জুমলাই।"
তিনি বলেন, "বিজেপি-র ভিশন ডকুমেন্ট বা ইস্তাহারটিও সম্পূর্ণ বেআইনি। কারণ এতে নানা তথ্যগত বিভ্রান্তি রয়েছে। প্রতি ঘরে চাকরি দেওয়ার বিষয়টি একটি অবাস্তব কল্পনা। কেন্দ্রের ৪০ লক্ষ শূন্যপদ পড়ে আছে। এগুলি পূরণ করে না মোদী সরকার। ত্রিপুরার বামফ্রন্ট সরকার প্রতিটি ক্যাবিনেট বৈঠকে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিচ্ছে অথবা নতুন পদ সৃষ্টি করছে। প্রতি বিধানসভা কেন্দ্রভিত্তিক কলেজ গঠনের ঘোষণাও অমূলক।"
তিনি আরও বলেন, "বিজেপি ফাটকা রাজনীতি করছে। আর বিজেপি প্রদত্ত প্রতিশ্রুতিগুলিই এর প্রমাণ। কোনওভাবেই এই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। রাজ্যের জনগণ এ সব বিষয় ভালোই বোঝেন।"
উল্লেখ করা যেতে পারে, বিজেপি মূলত ১০টি বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। এর মধ্যে প্রতি ঘরে রোজগার, মেয়েদের বিনামূল্যে শিক্ষা, কর্মচারীদের সপ্তম বেতন কমিশন, যুবকদের জন্য স্মার্ট ফোন, সর্বনিম্ন ২০০০ টাকা ভাতা, সর্বনিম্ন ৩৪০ টাকা দৈনিক মজুরি, রোজভ্যালি কাণ্ডে দোষীদের শাস্তি প্রদান, সবার জন্য পাকা ঘর, বিপিএল পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এবং রাজ্যের চুক্তিবদ্ধ সকল কর্মচারীদের নিয়মিতকরণের আশ্বাস দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন