জয়পুর : বাঁকুড়ার জয়পুর ব্লকের চামগ্রামে পুকুর থেকে উদ্ধার হল একটি প্রাচীন মূর্তি। চামগ্রামের ওই পুকুরে স্নান করতে নেমে ওই মূর্তির কিছুটা অংশ দেখতে পান রামরঞ্জন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। কৌতূহলবশত তারপর কোদাল দিয়ে পাঁকের মধ্যে থেকে আড়াই ফুট উচ্চতার ওই পাথরের মূর্তিটি তিনি তুলে আনেন। এই খবর ছড়িয়ে পড়তে সেখানে জড়ো হন গ্রামের অন্য বাসিন্দা। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিডিও ধ্রুবপদ শাণ্ডিল্য মূর্তিটি জয়পুর থানায় রাখার নির্দেশ দেন।
এবিষয়ে ধ্রুবপদবাবু বলেন, “গ্রামবাসীদের কাছ মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসে জয়পুর থানায় রাখা হয়েছে। পাথরের তৈরি মূর্তিটি কত বছরের পুরোনো তা জানতে আমরা বিশেষজ্ঞদের সাহায্য নেব। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” বিষ্ণুপুর মিউজ়িয়ামের কিউরেটর তুষার সরকার বলেন, “প্রাচীন একটি মূর্তি উদ্ধারের খবর শুনেছি। ছবি দেখে মনে হচ্ছে মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকের হলেও হতে পারে। তবে এটির দুটি হাত ও নিচের অংশ ভেঙে যাওয়ায় সঠিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। তবে এটি বুদ্ধ মূর্তি নয়। বিষ্ণু বা হনুমানজির মূর্তি হওয়ার সম্ভাবনাই প্রবল। সরকারি নিয়মকানুন মেনে আগামীদিনে উদ্ধার হওয়া মূর্তিটি বিষ্ণুপুর মিউজ়িয়ামে এনে রাখার ব্যবস্থা করা হবে।” তবে চামগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ব্যানার্জি বলেন, “আমরা দেখে যতটুকু অনুমান করছি তাতে এটা প্রাচীন কোনও বুদ্ধ মূর্তি হলেও হতে পারে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন