দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি, কটকের আদালতে জামিন পেলেন তাপস পাল - Aaj Bikel
দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি, কটকের আদালতে জামিন পেলেন তাপস পাল

দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি, কটকের আদালতে জামিন পেলেন তাপস পাল

Share This

কটক : দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি, অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পাল। বৃহস্পতিবার কটকের আদালত ব্যক্তিগত ১ কোটি টাকার বন্ডে তৃণমূল সাংসদ তাপস পালের জামিন মঞ্জুর করেছে| ২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেফতার করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সেদিন তাপস পালকে সল্টলেকের সিবিআই দফতরে জেরা করেন সিবিআই গোয়েন্দারা। স্ত্রী নন্দিনী পালের সঙ্গে সিবিআই দফতরে গিয়েছিলেন তাপস পাল। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। জেরায় নথির সঙ্গে বক্তব্যের অসঙ্গতি মেলায় তাপস পালকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিএই সূত্রের খবর, রোজভ্যালির থেকে একাধিকবার তাপস পাল টাকা নিয়েছিলেন বলে প্রমাণ রয়েছে| তাঁর স্ত্রীও রোজভ্যালির থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। ওই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাপস পাল এবং তাঁর স্ত্রী। প্রথমে জেলে থাকলেও, গুরুতর অসুস্থ হয়ে ওডিশার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাপস।

প্রসঙ্গত, শুধু তাপস পাল নয়, রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল সিবিআই। তাপসের সঙ্গে সুদীপও ছিলেন ভুবনেশ্বর জেলে ও পরে সেখানকার বেসরকারি হাসপাতালে। তবে তাপসের থেকে অনেক কম সময় জেল খাটতে হয়েছে সুদীপকে। ২০১৭ সালের জানুয়ারিতে গ্রেফতার হন সুদীপ। ২০১৭ সালের ১৯ মে মুক্তিও পান। ২৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড, পাসপোর্ট জমা রাখা ও সাক্ষীদের প্রভাবিত না করার শর্তে জামিন দেওয়া হয় রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। প্রায় ১৩ মাস জেল খেটে অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পাল|

কোন মন্তব্য নেই: