জেতা ম্যাচ হারতে হল বাংলাকে, ব্যর্থ বিবেক সিংয়ের দুরন্ত শতরান - Aaj Bikel
জেতা ম্যাচ হারতে হল বাংলাকে, ব্যর্থ বিবেক সিংয়ের দুরন্ত শতরান

জেতা ম্যাচ হারতে হল বাংলাকে, ব্যর্থ বিবেক সিংয়ের দুরন্ত শতরান

Share This


বিলাসপুর  : বিবেক সিংয়ের দুরন্ত শতরানের লড়াই ব্যর্থ হল৷ লোয়ার অর্ডারের ভুল সিদ্ধান্তে বাংলার ভরাডুবি৷ বিবেকের সেঞ্চুরির সুবাদে বিজয় হাজারে ট্রফিতে জয়ের আশায় বুক বেঁধেছিল বাংলা শিবির৷ একা লড়াই চালালেও অনুষ্টুপ ছাড়া বাংলার বাকি ব্যাটসম্যানরা তেমন একটা সঙ্গ দিতে পারেননি বিবেককে৷ আর এরফলে আরও একটা জেতা ম্যাচ হারতে হল বাংলাকে৷

টসে জিতে মনোজ প্রথমে ব্যাট করতে ডাকেন রায়নাদের৷ নির্ধারিত ৫০ ওভারে উত্তরপ্রদেশ ৪ উইকেটে ৩২৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে৷ সায়ন ঘোষের বলে ওপেনার শিবম চৌধুরিকে ১১ রানে ফেরানো গেলেও বাংলা ধারাবাহিকভাবে ধাক্কা দিতে ব্যর্থ ইউপি শিবিরে৷ উমঙ্গ শর্মাকে সঙ্গে নিয়ে অপর ওপেনার প্রশান্ত গুপ্ত উত্তরপ্রদেশকে শক্ত ভিতে বসিয়ে দেন৷ প্রশান্ত ৫৪ বলে ৬০ রান করে বিবেক সিংয়ের বলে আউট হন৷ আমির গনির বলে উমঙ্গ ৬৩ বলে ৫১ রান করেন৷

অধিনায়ক সুরেশ রায়না ২৯ বলে ৩১ রান করে গনির দ্বিতীয় শিকার হন৷ শেষবেলায় ক্রিজে ঝড় তোলেন আকাশদীপ নাথ ও মহম্মদ সঈফ জুটি৷ শেষ ১৫ ওভারে ১৩০ রান যোগ করেন দু’জনে৷ আকাশদীপ ৭২ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ তিনি ১১টি চার ও ২টি ছয় মেরেছেন৷ সঈফ ৪৮ বলে ৫০ রান করে নটআউট থেকে যান৷ গোটা ইনিংসে ২৩ রান অতিরিক্ত দিয়েছে বাংলা, যার মধ্যে ১৯ রান এসেছে ওয়াইড বল থেকে৷
জবাবে ব্যাট করতে নেমে বাংলা শুরুতেই দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন (০) ও শ্রীবৎস গোস্বামীর (৫) উইকেট হারিয়ে বসে৷ অনুষ্টুপকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে ১২১ রান যোগ করেন বিবেক৷ শেষে অনুষ্টুপ ফেরেন ৪৮ বলে ৫১ রান করে৷ মনোজ তিওয়ারি সেট হয়ে উইকেট দিয়ে আসেন৷ ৩৪ বলে ৩২ রান করে মনোজ আউট হন৷ ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করা বিবেক ১২৫ বলে ১৪৭ রানের ঝকঝকে ইনিংস খেলে ক্রিজ ছাড়েন৷ তিনি ১৪টি চার ও ৩টি ছয় মারেন৷ বিবেক আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলার ইনিংস৷ একসময় জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলা বাংলা ৪৯.৪ ওভারে ৩২২ রানে অলআউট হয়ে যায়৷ ৭ রানে ম্যাচ হেরে বাংলা বিজয় হাজারের যাত্রাপথ কঠিন করে ফেলল৷

কোন মন্তব্য নেই: