ভারতী ঘোষকে গ্রেফতার করে মুখ বন্ধ করতে চায় রাজ্য : দিলীপ ঘোষ - Aaj Bikel
ভারতী ঘোষকে গ্রেফতার করে মুখ বন্ধ করতে চায় রাজ্য : দিলীপ ঘোষ

ভারতী ঘোষকে গ্রেফতার করে মুখ বন্ধ করতে চায় রাজ্য : দিলীপ ঘোষ

Share This


কলকাতা  : ‘ভারতী ঘোষকে গ্রেফতার করে তাঁর মুখ বন্ধ করতে চায় রাজ্য । তাই তাঁকে তলব করেছে সিআইডি’ । ভারতী ঘোষকে সিআইডি-র দেওয়া নোটিশের প্ররিপ্রেক্ষিতে সোমবার এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন । কিন্তু, দুর্ভাগ্যবশত তৃণমূলই আজ তাঁর বড় শত্রু ।

প্রসঙ্গত বলা যায়, সোমবারই দুর্নীতি মামলায় ভারতী ঘোষের বাড়িতে গিয়ে তাকে নোটিশ দেয় সিআইডি । আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে ভবানী ভবনে গিয়ে দেখা করার কথা নোটিশে বলা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর । গত শুক্রবার কলকাতা সহ জেলায় জেলায় ভারতীর একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি চালায় সিআইডি । ভারতী ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি । মেলে প্রচুর সোনা ও নগদ । সেখান থেকে একাধিক জমির দলিল, ১৪ মোবাইল ফোন উদ্ধার করেছিলেন সিআইডি আধিকারিকরা । সেই সব নথি খতিয়ে দেখেই ভারতীকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর । পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালে সোনার অবৈধ কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে ।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘তিনি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছিলেন । দুর্ভাগ্য এমনই যে, সেই তৃণমূলই এখন তাঁর সবচেয়ে বড় শত্রু । একই সঙ্গে তিনি বলেন, ‘উনি শুভেন্দুবাবুকেও ধমক দিয়েছেন যে, আমার বিরোধিতা করলে আমিও ছাড়ব না । স্বাভাবিক, ওঁদের ভয় আছে’ । তাই, তাঁকে জেরবার করতে এবং মুখ বন্ধ করতে এই ভাবে বাড়িতে তল্লাশি চালাচ্ছে রাজ্য সরকার’। দিলীপ ঘোষের কথায়, আগে তৃণমূল ভারতী ঘোষের ভাল বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে । তাঁর বুদ্ধি সম্পর্কে সচেতন সরকার । তাই ভারতী ঘোষ দিল্লি থেকে ফিরলে তাঁকে নিজেদের হেপাজতে নিতে চাইছে তৃণমূল সরকার ।

কোন মন্তব্য নেই: