দলীয় ছাত্র-যুবার সমাবেশে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর - Aaj Bikel
দলীয় ছাত্র-যুবার সমাবেশে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

দলীয় ছাত্র-যুবার সমাবেশে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Share This


কলকাতা : ‘কোনও পুজো হবে না, শুধু তোমার পুজো করবে ?’ শুক্রবার হাওড়ার ডুমুরজোলায় দলীয় ছাত্র-যুবার সমাবেশে বিজেপিকে এই ভাবেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘হিন্দু ধর্ম সর্বজনীন, সবাইকে নিয়ে চলার কথা বলে ৷ তৃণমূল সম্প্রীতি, গণতন্ত্র, মানবিকতাতে বিশ্বাস করে ৷ ওদের কোটি কোটি টাকা, টাকা ছাড়া কিছু চেনে না ৷ টাকা আর বাইক দিয়ে বাংলায় জেতা যাবে না ৷ যে ক’টা ভোট পাচ্ছে, সব সিপিএমের ভোট ৷ কংগ্রেসের সঙ্গেও বিজেপির বোঝাপড়া আছে ৷ কিন্তু তৃণমূল কারও ধার ধারে না ৷ তৃণমূল ব্ল্যাকমেলিংয়ে ভয়ও পায় না ৷ শুধু সকলে পরিষেবা পাচ্ছে কি না, খোঁজ রাখবেন ৷ কোথাও অন্যায় হলে আমাকে জানাবেন ৷ আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নেব ৷

কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের ঋণ মকুব করেনি বিজেপি সরকার ৷ কেন্দ্রের বাজেট, হতাশার বাজেট ৷ ক্ষমতা হারানোর ভয়ে বাজেট করেছে ৷ কেউ কোনওদিন শুনেছে বাম্বু মিশনে এত বরাদ্দ ৷ যে প্রতিবাদ করছে তাকে বাঁশ দিয়ে মারবে ৷ বিজেপি এমন হারা হারবে ২০১৯-এ, যে আর খুঁজে পাওয়া যাবে না ওদের ৷ তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লাগাতার মিছিলের ডাক দেন ৷ প্রতি শনি-রবিবার মিছিল করবে তৃণমূল, ছাত্র-যুব সম্মেলনে ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘একটা-দুটো বিশ্বাসঘাতক সব দলেই থাকে ৷ বেঁচেছি এই বিশ্বাসঘাতকরা দল থেকে গেছে’ ৷৪১ মিনিটের ভাষণে মিডিয়ার জন্য আলাদা করে মিনিটে সাতেক বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘তিনি শুধু বাংলার দিদি নন ৷ যাঁরা প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে কলমে আগুন ঝরান, তিনি তাঁদেরও দিদি ৷’ মনে করিয়ে দেন, ‘আমরা বিরুদ্ধে তোমরা যতখুশি লেখো ৷ কিন্তু মনে রাখবে, মালিক তাড়িয়ে দিলে, বিপদে পড়লে তোমাদের দেখবে কিন্তু এই দিদিই’ ৷ অভয় দিলেন, ‘মনে রাখবেন আপনাদের দিদি অতটা খারাপ লোক নয় ৷ কেউ বিপদে পড়লে আমি তাঁর সঙ্গে আছি’৷ পরামর্শ দিলেন- ‘নিউজ করো, কিন্তু ভিউজ দিও না’ ৷ দাবি করেন, ‘রাজ্যে ভেজাল খাবার দোকানের মতো ভেজাল খবরও আছে’৷ পরক্ষণেই স্বতস্ফূর্তভাবে বললেন, ‘সাংবাদিকদের অবশ্য কি আর দোষ আছে ৷ ওদের মালিক যে রকম বলে ওঁরা তো সেরকম খবর করতেই বাধ্য হয়’৷ প্রচ্ছন্ন হুমকির সুরে বললেন, ‘কারও গ্যাস খেয়ে উলটো পালটা লিখো না ৷

 কারণ, গ্যাস শেষ হয়ে গেলে তুমিও পড়ে যাবে ৷ তাই সত্য খবর লিখো’৷ পরক্ষণেই হুঁশিয়ারি দেন,‘এটা জানিয়ে রাখি, যত বিরুদ্ধেই লেখো না কেন, আমাকে তোমরা টাচও করতে পারবে না ৷ কারণ, আমি জানি আমি নিজে কি ৷ আমি না চাইলে আমার ক্ষতি কেউ করতে পারবে না ৷ আমি মানুষের জন্য নিয়োজিত৷ আমি মরে গেলেও তৃণমূল উঠে যাবে না ৷ সেজন্য আমি তৃণমূলের আগামী ৫০ বছরের জেনারেশন তৈরি করে যাব’৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে বলেন,‘কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার অনেক ফেল করেছে ৷ পার্থদা দেখুন ব্যাপারটা’ ৷ ছাত্র-যুবকদের উদ্দ্যেশ্যে বললেন,‘সোশাল নেটওয়ার্কটা ভাল করে করতে হবে’ ৷

কোন মন্তব্য নেই: