সংকটজনক পরিস্থিতি নিয়ে মোদী-ট্রাম্প ফোনে বার্তালাপ - Aaj Bikel
 সংকটজনক পরিস্থিতি নিয়ে মোদী-ট্রাম্প ফোনে বার্তালাপ

সংকটজনক পরিস্থিতি নিয়ে মোদী-ট্রাম্প ফোনে বার্তালাপ

Share This


ওয়াশিংটন  : মালদ্বীপের সংকটজনক পরিস্থিতি নিয়ে অামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের পরিস্থিতি এবং ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা নিয়েও উভয়ের মধ্যে কথা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে খবরে জানা গিয়েছে।

মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার ঢেউ এসে পৌঁছাল ভারত-আমেরিকা সম্পর্কের মধ্যেও। হোয়াইট হাউজ়ের তরফে জানানো হয়েছে, “মালদ্বীপের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানই। কথা বলেছেন গণতন্ত্র এবং আইনের গুরুত্ব নিয়েও।” প্রসঙ্গত, মালদ্বীপের সুপ্রিম কোর্টের সঙ্গে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের সংঘাতের জেরে চরম সংকটজনক হয়ে ওঠে সেদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি।

এদিকে, আফগানিস্তান ও ভারত-মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা নিয়েও এদিন মোদী-ট্রাম্পের কথা হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে যে দুই দেশই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেবিষয়ে সহমত হয়েছেন মোদী ও ট্রাম্প। আগামী এপ্রিলে ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠক হবে। সেখানেও মালদ্বীপের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হবে। এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন মোদী ও ট্রাম্প। আলোচনায় উঠে আসে আফগানিস্তানের নিরাপত্তা, রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থার কথাও। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই: