কলকাতা : আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেল মোহনবাগান৷ ঘরের মাঠে গোকুলাম এফসি’র কাছে ১-২ গোলে ম্যাচ হারল মোহনবাগান৷ নিজেদের শেষ হোম ম্যাচ হেরে আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেল সবুজ-মেরুন শিবির৷
দ্বিতীয়ার্ধে একসময় ১-০ এগিয়ে যায় গোকুলাম৷ মাঝমাঠ থেকে অ্যাডোর বাড়ানো লঙ বলে দিশা দিয়ে গোকুলামকে এগিয়ে দেন মহম্মদ আলাজমি৷ ৭৭ মিনিটে দক্ষিণের দলটি ১-০ এগিয়ে গেলেও সেই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি৷ মাত্র এক মিনিটের ব্যবধানেই ম্যাচে ফেরে মোহনবাগান৷ কিন্তু ৭৮ মিনিটে জটলার মধ্যে থেকে বিমল মাগারের পাস থেকে হেডে গোল করেন দিপান্ডা ডিকা৷ তাঁর গোলেই সমতায় ফিরে মুখরক্ষা করে সবুজ-মেরুন ব্রিগেড৷ শেষ পর্যন্ত অবশ্য এই ব্যবধান ধরে রাখতে পারেনি ডিকা-ওয়াটসনরা৷
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ৯০ মিনিটে বাঁ-পায়ের জোরালো শটে শিল্টনকে পরাস্ত করেন হেনরি৷ তাঁর গোলেই ২-১ এগিয়ে যায় গোকুলাম৷ অতিরিক্ত সময় সহজ সুযোগ হাতছাড়া করেন ডিকা৷ ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট মোহনবাগানের৷ ম্যাচের সেরা হয়েছেন ডিকা৷ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মিনার্ভা পঞ্জাব৷ অাগামীকাল মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে মিনার্ভা৷ ১৩ ম্যাচে ২৩ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল৷ যুবভারতীতে গোকুলামের কাছে হারায় এই মরশুমের জন্য আই লিগের স্বপ্ন শেষ মোহনবাগানের৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন