বৃদ্ধির হারে রাজ্যের দাবি মানছে না কেন্দ্রীয় সংস্থা - Aaj Bikel
বৃদ্ধির হারে রাজ্যের দাবি মানছে না কেন্দ্রীয় সংস্থা

বৃদ্ধির হারে রাজ্যের দাবি মানছে না কেন্দ্রীয় সংস্থা

Share This

রাজ্য বাজেটে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির গতিপ্রকৃতি সম্পর্কে যে তথ্যই পেশ করা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা থেকে তার কোনও অনুমোদনই নেই বলে অভিযোগ। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য রাজ্যের অর্থনৈতিক বিকাশের হার সম্পর্কে দেওয়া তথ্যে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলির অনুমোদন দেয়নি বলে খবর৷

রাজ্যগুলির অর্থনৈতিক বৃদ্ধির হার কত, তা কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সিএসও) খতিয়ে দেখে। দাবি করলেই হয় না, তথ্য-প্রমাণ দিতে হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই হিসাবের ভিত্তিতে রাজ্যগুলির পৃথক হিসাব এবং সর্বভারতীয় হিসাব পেশ করে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের সর্বশেষ হিসাবে স্থির মূল্যে মাথাপিছু নেট রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদনের (ভিত্তিবর্ষ ২০১১-১২) মোট ও বৃদ্ধির হারের তালিকায় পশ্চিমবঙ্গ অনুপস্থিত। সব রাজ্যেরই হিসাব রয়েছে সেখানে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০১১-১২ থেকে ২০১৬-১৭ (সর্বশেষ বছর) ফাঁকা। 

নোটে বলা হয়েছে, ২০১১-১২-কে ভিত্তিবর্ষ ধরে যে নতুন সিরিজ সেখানে পশ্চিমবঙ্গের পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরের দেওয়া হিসাব ‘পরীক্ষাধীন’ রয়েছে। একই কথা চলতি মূল্যের হিসাব সম্পর্কেও বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটেও সে কথা স্পষ্ট বলা রয়েছে। সেই হিসাব দেওয়া হয়েছিল ২০১৭-র আগস্ট মাসে। অর্থাৎ গত বছরের রাজ্য বাজেট পেশের ছমাস পরে। ‘পরীক্ষাধীন’ শব্দটি আনুষ্ঠানিক, বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা পশ্চিমবঙ্গের হিসাব মেনে নিতে পারেনি। 

সোমবার প্রকাশিত হয়েছে কেন্দ্রের অর্থনৈতিক সমীক্ষা (২০১৭-১৮)। সমীক্ষার ভল্যুম২-এ চলতি মূল্যে রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদনের হিসাব এবং বৃদ্ধির হার বলা হয়েছে। সেখানেও পশ্চিমবঙ্গ সম্পর্কে একই কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের হিসাবে এই সংশয় রাজ্যের দাবির যথার্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। 

সাধারণভাবে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী দাবি করে থাকেন, দেশের বৃদ্ধির হারের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। কখনো ১০শতাংশ ছাড়িয়ে যাবার কথাও বলা হয়েছে। ২০১৭-১৮’র রাজ্য বাজেট পেশের সময়ে অমিত মিত্র তাঁর ভাষণে দাবি করেছিলেন, ৯.২৭শতাংশ বৃদ্ধির হার হবে বলে তাঁর অনুমান। ভাষণে তাঁর যুক্তি ছিল হঠাৎ নোট বাতিলের পদক্ষেপ না নেওয়া হলে এই হার আরও বাড়ত। রাজ্যের অর্থনৈতিক সমীক্ষাতেও ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য বৃদ্ধির এই হারের কথাই বলা ছিল। 

কেন্দ্রের অর্থনৈতিক সমীক্ষায় চলতি মূল্যে নেট রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির সর্বভারতীয় হার দেখানো হয়েছে ১১.১ শতাংশ। মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার থেকে তা পৃথক। এই হার আগাম অনুমানে ৬.৫ শতাংশ। পশ্চিমবঙ্গের হার কত? মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তার কোনও নির্দিষ্ট উত্তর নেই!

কোন মন্তব্য নেই: