জগদম্বা ও নাগালিম : ১২ ঘণ্টার ডিমা হাসাও বনধ বৃহস্পতিবার - Aaj Bikel
জগদম্বা ও নাগালিম : ১২ ঘণ্টার ডিমা হাসাও বনধ বৃহস্পতিবার

জগদম্বা ও নাগালিম : ১২ ঘণ্টার ডিমা হাসাও বনধ বৃহস্পতিবার

Share This


হাফলং   : ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রচারক জগদম্বা মল’-এর তৈরি প্রস্তাবিত খসড়া চুক্তিতে বৃহত্তর নাগালিমে ডিমা হাসাও জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর থেকে প্রতিবাদে নেমেছে ডিমাসা জনগোষ্ঠীর প্রধান সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা মাদারস্ অ্যাসোসিয়েশন। সংগঠনগুলির পাশাপাশি জেলার বিভিন্ন এনজিও।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দেয় জাদিখে নাইশো হসম ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, ডিমাসা মাদারস্ অ্যাসোসিয়েশন। ওই সংগঠনগুলি নাগা ফ্রেমওয়ার্ক নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে তাদের স্থিতি স্পষ্ট করার পাশাপাশি জগদম্বা মলকে ডিমা হাসাও এসে জেলার বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এ নিয়ে সরকারের কাছ থেকে বা আরএসএস প্রচারক জগদম্বা মলের কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলায় বনধ-এর ডাক দিয়েছে ডিমাসা সংগঠনগুলি।

আজ ডিমাসা স্টুডেন্টস্ অফিসে এক সাংবাদিক সন্মেলন ডেকে জাদিখে নাইশ হসমের সভাপতি কল্যাণ দাওলাগাপু বলেন, ২৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ ডাকার কথা ছিল। কিন্তু গণতন্ত্র দিবস ও ডিমাসা জনগোষ্ঠীর বৃহৎ উৎসব বুসুডিমা ও জনগণের অসুবিধার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের বনধ থেকে সরে এসেছেন তাঁরা। তবে তার পরও যদি সরকার বৃহত্তর নাগালিম নিয়ে স্থিতি স্পষ্ট না করে এবং জগদম্বা মল যদি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ডিমা হাসাও জেলার মানুষের কাছে ক্ষমা না চান তা হলে তারা আগামীদিনে এই আন্দোলন আরও তীব্রতর করবেন বলে সাংবাদিক সন্মেলনে জানান কল্যাণ দাওলাগাপু এবং ডিমাসা সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই: