সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা: রণক্ষেত্র মুর্শিদাবাদ, মৃত্যুর আশঙ্কা - Aaj Bikel
সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা: রণক্ষেত্র মুর্শিদাবাদ, মৃত্যুর আশঙ্কা

সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা: রণক্ষেত্র মুর্শিদাবাদ, মৃত্যুর আশঙ্কা

Share This


দৌলতাবাদ  : সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদে| সোমবার সকাল ছ’টা নাগাদ দৌলতাবাদের বালিরঘাট এলাকায় সেতুর রেলিংয় ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে| আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ জনকে|

সোমবার ভোরে মুর্শিদাবাদ জেলার বালিরঘাট এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। বাসটি করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে সম্পূর্ণভাবে ডুবে যায়। বাসে ৬০-৭০ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকার্য চালানোয় এখনও পর্যন্ত ছ'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে একজন মৃত। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বাসটি উদ্ধার করার বিষয়ে উদাসিনতা দেখানোর অভিযোগে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয় এলাকা। জনতার রোষের মুখে পড়েন জেলাশাসক ও পুলিস সুপার। এরপরই মারমুখি হয়ে ওঠে জনতা। দু'পক্ষের খণ্ডযুদ্ধ চলতে থাকে। ভাঙচুর করা হয় গাড়ি। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিস। ফাটানো হয় টিয়ার গ্যাসের শেলও। ঘটনার ছবি তুলতে গিয়ে উন্মত্ত জনার হাতে প্রহৃত হয়েছেন বর্তমানের চিত্র সাংবাদিক তাপস ঘোষ। রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ক্রেন ও কলকাতা থেকে ডুবুরি পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। এক যাত্রীর অভিযোগ, চালক মোবাইলে কথা বলতে বলতেই বাস চালাচ্ছিলেন। তবে কুয়াশা না মোবাইলে কথা বলায়, এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। 

কোন মন্তব্য নেই: