মুর্শিদাবাদের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী - Aaj Bikel
মুর্শিদাবাদের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share This


কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের দৌলতাবাদে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছেন । তাঁর সঙ্গে গেলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবাস বিতরণ অনুষ্ঠান মাঝপথে ছেড়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হন মুখ্যমন্ত্রী । যান এডিজি ট্রাফিকও । ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ৷ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করবে সরকার ৷

 এছাড়া গুরুতর জখমদেরও ১ লক্ষ টাকা করে দেওয়া হবে’ ৷ আহতদের চিকিত্সার জন্য সবরকম সরকারি সাহায্য করা হবে বলে জানান তিনি ।
সোমবার ভোর পৌনে ছটা নগদ করিমপুর থেকে ৮ জন যাত্রী নিয়ে ছাড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের একটি বাস । গন্তব্য ছিল বহরমপুর । ডোমকল ও জলঙ্গি থেকে ওঠেন আরও ৫২ জন যাত্রী । বেশিরভাগ যাত্রী সরকারি কর্মী । সপ্তাহ শেষের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা । দৌলতাবাদে বালিরঘাট ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে তিরিশ ফুট নীচে ভৈরব নদীতে পড়ে যায় বাসটি । এটি পদ্মার শাখা নদী বলে পরিচিত । আহত এক যাত্রী জানিয়েছেন, ‘চালক মোবাইল ফোনে কথা বলতে বলতেই বাস চালাচ্ছিলেন ৷ সঙ্গে কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কম ছিল ৷ এর জেরেই দুর্ঘটনা’ ৷

প্রথমেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা । এখনও পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে| আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে| তবে বেসরকারি সূত্রের খবর, রেলিং ভেঙে খালে বাস পড়ে যাওয়ায় সাতজনের মৃত্যু হয়েছে| পাশাপাশি বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| আহতদের মুর্র্শিদাবাদ মেডিক্যালে ভরতি করা হয়েছে । খুব দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ । আলো থাকতে থাকতেই উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চলছে । কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে উচ্চ পর্যায়ের কমিটি । শীঘ্রই রিপোর্ট জমা পড়বে । নদীর জলের গভীরতা অত্যন্ত বেশি থাকায়, উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও ইতিমধ্যে বারাকপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন ।

এদিন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরোদমে উদ্ধার কাজ চলছে ৷ ক্রেন নামিয়ে চলছে উদ্ধার কাজ ৷ নামানো হয়েছে ডুবুরি ৷ কিছুক্ষণের মধ্যেই বাসটি তোলা যাবে ৷ প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জেলা প্রশাসনের কর্তারা নজরদারি করছেন ৷ দমকল, অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছি’ ৷

কোন মন্তব্য নেই: