পড়ুয়াদের দাবি মেনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির, কী বললেন মানিক ভট্টাচার্য? - Aaj Bikel
পড়ুয়াদের দাবি মেনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির, কী বললেন মানিক ভট্টাচার্য?

পড়ুয়াদের দাবি মেনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির, কী বললেন মানিক ভট্টাচার্য?

Share This
 আজ বিকেল: দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে জয়ের পেলেন ডিএলএড পড়ুয়ারা৷ প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের দাবি-দাওয়া বিবেচনা করে দ্রুত পরীক্ষার সূচি প্রকাশ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার আশ্বাস দিলেন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য৷  সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে প্রথম বর্ষের পরীক্ষা ও জুলাই-অগস্টের মধ্যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি৷ এমনকি, ২০১৮ সালের মধ্যেই সকলকে প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হবে পর্ষদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ 

তবে, মঙ্গলবার পর্ষদের গোপন আস্তিন থেকে নিজের দাবিগুলি আদায় করে নিতে সক্ষম হলেও ‘পুলিশি নির্যাতনে’র শিকার হতে হয়েছে পড়ুয়াদের৷ অভিযোগ, এদিনের দুপুরে পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এপিসি ভবনের সামনে৷ পর্ষদের গেট থেকে বেরোতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন পর্ষদ সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না বাগচী৷ পর্ষদের সচিবকে নিরাপত্তা দিতে কোমর বাধে পুলিশ৷

অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মারমুখী হয়ে ওঠে পুলিশ৷ পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ৷ মৃদু লাঠি চার্জ করা হয় বলেও পড়ুয়াদের অভিযোগ৷ পুলিশ বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে৷ এরপর বিকাল তিনটে নাগাদ পড়ুয়াদের বিক্ষোভ শান্ত করতে মাঠে নামেন পর্ষদ সভাপতি৷ পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চান তিনি৷ পড়ুয়াদের পাঁচ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন পর্ষদ সভাপতি৷

পড়ুয়াদের দাবি শুনে পর্ষদ সভাপতি মন্তব্য করেন,‘‘আমারা আমাদের কাজ করছি৷ যেহেতু ২০১৬-১৮ শিক্ষাবর্ষের প্রার্থীদের অফলাইনে ভর্তি নেওয়া হয়েছিল, তাই তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে৷ এই কাজ শেষ হলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই৷’’ পরীক্ষার দাবি প্রসঙ্গে মানিকবাবু বলেন, ‘‘জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে প্রথম বর্ষের পরীক্ষা ও জুলাই-অগস্টের মধ্যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করা হবে৷’’ ২০১৮ সালের মধ্যেই সকলকে প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হবে বলেও পড়ুয়াদের আশ্বস্ত করেন তিনি৷ পাশাপাশি, কোনও পরীক্ষার্থীর আসন্ন টেট পরীক্ষায় বসতে যাতে কোনও অসুবিধা না হয়, তিনি তার সমস্ত ব্যবস্থা করবেন বলে পড়ুয়াদের জানান।

২০১৪ টেট পাশ প্রার্থীদের টেট সার্টিফিকেট সম্পর্কে তিনি বলেন, ‘‘যারা আদালতে মামলা করেছেন, শুধুমাত্র তাঁদেরকেই আদালতের নির্দেশে সমস্ত তথ্য যাচাই করে টেট পাশ সার্টিফিকেট প্রদান করা হবে৷’’   এর কারণ উল্লেখ করে সভাপতি বলেন, ‘‘২০১২ সালের টেট পরীক্ষার্থীদের আমারা টেট পাশ সার্টিফিকেট দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে অনেকে ছিলেন, যাদের উচ্চমাধ্যমিকে ৫০% নেই৷ তারা পরবর্তীতে এটাকে হাতিয়ার করে অনেক ঝামেলার সৃষ্টি হয়৷ আমরা এই বার কোনও ঝামেলায় যেতে চাই না৷ তাই এবার ২০১৫ টেট পাশ সার্টিফিকেট শুধুমাত্র তাদেরকেই দেব, যাদের উচ্চমাধ্যমিকে ৫০% আছে এবং যাদের সার্টিফিকেট দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশ থাকবে। সেই জন্য এবার ২০১৫ সালের টেট উত্তীর্ণ সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে না৷’’

রেজিস্ট্রেশন করানোর নামে বিভিন্ন কলেজ, শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে ৮-১০হাজার টাকা নেওয়ার পড়ুয়াদের অভিযোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতির সাফ জবাব, ‘‘রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে হবে, এবং সেটার জন্য সবাইকে ৬০০ টাকা করে জমা দিতে হবে৷ যদি কোনও কলেজ এর বেশি দাবি করে, তাহলে উপযুক্ত প্রমাণসহ আমাদের কাছে এলে, আমার কড়া ব্যবস্থা নেব৷’’

মঙ্গলবার এপিসি ভবনে দুপুর থেকে দফায় দফায় ভিড় জমান ২০১৬-১৮ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়াদের একাংশ৷ আন্দোলনে সামিল হন বহু প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়া৷ রেজিস্ট্রেশন,  প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা সঠিক সময়ে শেষ করে সার্টিফিকেট প্রদানের দাবি জানানো হয় এদিন৷ রাজ্যের বিভিন্ন জেলার একাধিক DElEd কলেজে থেকে কয়েকশ প্রার্থী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ-কর্মসূচির মাধ্যমে নিজের দাবি তুলে ধরার চেষ্টা করেন৷ এদিন দুপুরে পড়ুয়াদের প্রবল বিক্ষোভ আঁছড়ে পড়লেও দিন শেষে পর্ষদের আশ্বাস শুনে একবুক আশা নিয়ে বাড়ি ফিরে যান পড়ুয়ারা৷

কোন মন্তব্য নেই: