শিক্ষা দফতরের নয়া নির্দেশে চূড়ান্ত সমস্যায় পড়বেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক - Aaj Bikel
শিক্ষা দফতরের নয়া নির্দেশে চূড়ান্ত সমস্যায় পড়বেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক

শিক্ষা দফতরের নয়া নির্দেশে চূড়ান্ত সমস্যায় পড়বেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক

Share This

কলকাতা: এবার ছুটি কমবে কলেজ শিক্ষকদের। আর পাঁচজন সরকারি কর্মীর মতই সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অন্তত এ রকম নির্দেশিকাই জারি করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি । সূত্রের খবর, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অতি সম্প্রতি উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছেন।

শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে  ‘facebook.com/Aajbikal/’ ফেসবুক পেজ লাইক করুন৷


তবে, এ ব্যাপারে সরকার সার্বিকভাবে কোনও নির্দেশ দেবে না। পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয় দেবে নির্দেশিকা। কারণ, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ’চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) চালু করার কথা। এখন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সপ্তাহে পাঁচ দিন ক্লাশ করার কথা। প্রস্তুতি-ছুটি হিসাবে আরও একদিন তাঁরা কলেজে না আসার সুযোগ পান। এই সঙ্গে প্রতিষ্ঠানে শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরার কথাও বিবেচনা করছে উচ্চশিক্ষা দফতর। তবে, কোনও আবেদনের প্রেক্ষিতে আলোচনাচক্রে অংশগ্রহণ, সম্মেলনে গবেষনাপত্র পাঠ প্রভৃতিতে ছুটি মঞ্জুর করার এক্তিয়ার থাকবে কর্তৃপক্ষের।

রাজ্যের এই ভাবনার সঙ্গে একমত নন শিক্ষকরা। এ রকম একজন ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “আর পাঁচজন সরকারি কর্মীর সঙ্গে শিক্ষকদের এক করে ফেলা ঠিক নয়। পড়ানোর জন্য প্রস্তুতির ছুটি অবশ্য প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনই এটা স্বীকার করে নিয়েছে। জোর করে শিক্ষকদের প্রতিষ্ঠানে পড়ানোর কাজে আনতে গেলে কাজের গুনগত মান কমবে।”

বিকাশ ভবনের এক আধিকারিক অবশ্য এই তত্ব মানতে রাজি নন। তাঁর বক্তব্য, “কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে স্কুল শিক্ষকদের কাজের চাপ অনেক বেশি। স্কুলে যদি সপ্তাহে ৬ দিন ক্লাশের পদ্ধতি চালু থাকতে পারে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অসুবিধা কোথায়?”

মঙ্গলবার রাজ্যের অধ্যক্ষ পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে সবিস্তারে কথা হয়েছে। পরিষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য জানান, সপ্তাহে এক দিন ’প্রস্তুতি দিবস‘ হিসাবে রাখতে হবে। সেটাকে ছুটি বলে ধরলে চলবে না। পুজোর ছুটি কমানোর সরকারি ভাবনার প্রতিবাদও জানান পরিষদের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই: