নয়াদিল্লি: এবার বেসরকারি ক্ষেত্রের কর্মীদের সর্বোচ্চ করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ২০ লক্ষ টাকা। রাজ্যসভায় কোনও আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট ‘পেমেন্ট অব গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮’ পাশ করিয়ে নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় বিলটি পাসের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, একটি উল্লেখযোগ্য জনস্বার্থবাহী পদক্ষেপ সংসদে পাশ হয়ে গেল। লক্ষ লক্ষ ভারতবাসী এর ফলে উপকৃত হবেন।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সপ্তম পে কমিশন লাগু হওয়ার পর ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা কর-মুক্ত গ্র্যাচুইটিই পাচ্ছিলেন। কিন্তু বেসরকারি ক্ষেত্রের সংগঠিত কর্মীরা পুরনো হারেই তা পাচ্ছিলেন। যার সর্বোচ্চ পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। এই পরিমাণ বৃদ্ধির ব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় উদ্যোগীও হয়েছিলেন। উল্লিখিত বিলে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং মজুরি তথা বেতন বৃদ্ধির কথা মাথায় রেখেই বেসরকারি ক্ষেত্রের কর্মীদের এই গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়লে এর সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির বিষয়টিও সময়ে সময়ে পরিবর্তনের কথা চিন্তাভাবনা করা হবে।
যেসব শ্রমিক-কর্মচারী কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে একটানা পাঁচ বছর কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ১০ জন বা তার বেশি হওয়া বাধ্যতামূলক। তবে শুধুমাত্র গ্র্যাচুইটি প্রাপ্তির সর্বোচ্চ পরিমাণ (সিলিং) বৃদ্ধিই নয়, এই বিল আইনে পরিণত হলে মাতৃত্বকালীন ছুটিও ১২ সপ্তাহ থেকে বৃদ্ধি পেয়ে ২৬ সপ্তাহ হতে চলেছে। উল্লেখ্য, ১৯৭২ সালের সংশ্লিষ্ট আইনে সংশোধন ঘটিয়ে এই বিল পাস করিয়েছে সরকার। সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গেলেই এটি কার্যকর হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন