নয়াদিল্লি: এই প্রথমবার রাজ্যসভায় কিছুটা স্বস্তিতে থাকবে নরেন্দ্র মোদী সরকার৷
কারণ, শুক্রবার ২৩ মার্চের রাজ্যসভা নির্বাচনের পর বিজেপির সাংসদসংখ্যা যেখানে ৬৩-তে পৌঁছবে, তখন কংগ্রেস থেমে যাবে ৫০-এ৷ এমনকি পঞ্চাশের থেকে কমেও যেতে পারে, যদি পশ্চিমবঙ্গের আসনটি রাহুল গান্ধীর দল না পায়৷ কংগ্রেসের থেকে ১৩টি আসন বেশি নিয়ে বিজেপি রাজ্যসভায় তাঁদের শক্তি আরও বাড়িয়ে নিতে পারলেও এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা কিন্তু হচ্ছে না৷ তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে৷
এটা গেল অঙ্কের হিসেব, এ বার রাজ্যসভা নির্বাচন রীতিমতো উত্তেজক হতে চলেছে অন্য কারণে৷ অনেক রাজ্যেই এমন অবস্থা, যেখানে কোনও দলের কাছেই তাদের প্রার্থীকে জেতানোর মতো উপযুক্ত গরিষ্ঠতা নেই৷ সেখানে অন্য দলের সমর্থন বা দ্বিতীয় পছন্দের ভোটে ফয়সালা হতে পারে৷ অতীত অভিজ্ঞতা বলছে, এই রকম ক্ষেত্রে বিধায়ক কেনাবেচার অভিযোগ ওঠে৷ ফলে, শুক্রবার আঞ্চলিক দলগুলির বিক্ষিপ্ত ভোট চিন্তা বাড়িয়ে মোদীর সরকারকে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন