হাওড়া: স্কুল বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়লেন হাওড়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷ পরে তারা এর জবাবদিহি চাইতে হাজির হন জেলার স্কুলশিক্ষা দফতরে৷ সেখানেও ছাত্রীরা স্কুলের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কীভাবে সমস্যা মেটানো সম্ভব তা নিয়ে স্কুলশিক্ষা দফতর থেকেও আশ্বাস দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, বেশ কিছু সমস্যার জেরে বন্ধ করে দেওয়া হয় ওই স্কুল। হাওড়ার জয়নারায়ণ সাঁতরা লেনের অক্ষয় শিক্ষায়তন স্কুল-বাড়িতে দিনের বেলায় চলে বিনোদিনী বালিকা বিদ্যাভবন নামের একটি মাধ্যমিক স্কুল। এখানে ক্রমেই বাংলা-মাধ্যমের ছাত্রীর সংখ্যা কমতে থাকায় বিনোদিনী স্কুল কর্তৃপক্ষ বাংলার পাশাপাশি হিন্দি মাধ্যমেও শিক্ষাদান শুরু করেন। একসময়ে দেখা যায় এই হিন্দি মাধ্যমের ছাত্রী সংখ্যা বাংলা মাধ্যমের চাইতেও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই স্কুলটিতে মাত্র ১২ জন বাংলা মাধ্যমের ছাত্রী থাকলেও সেখানে হিন্দি মাধ্যমে রয়েছে সাড়ে তিনশোরও বেশি ছাত্রী। সেই কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলটিকে হিন্দি মাধ্যম করার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। শিক্ষা দফতরে সেই মর্মে আবেদন জানানো হলে তা মঞ্জুরও হয়।
এরপরেই বিনোদিনী বালিকা বিদ্যাভবন, হাওড়া অক্ষয় শিক্ষায়তন (উচ্চ মাধ্যমিক) স্কুলের স্কুলটিকে হিন্দি মাধ্যম করার কথা জানালে, হাওড়া অক্ষয় শিক্ষায়তন (উঃমাঃ) স্কুল সরাসরি সেই অনুমতি দিতে বিনোদিনী স্কুলকে অস্বীকার করে। তাতেই চরম সমস্যায় পড়ে যায় বিনোদিনী কর্তৃপক্ষ। তারা সঙ্গে সঙ্গেই আবার এটিকে বাংলা মাধ্যমের জন্যে আবেদন জানালে সমস্যায় পড়ে শিক্ষা দফতর। মাত্র ১২ জন ছাত্রী থাকায় বাংলা মাধ্যমে কিভাবে অনুমতি দেওয়া যায় সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। এই সঙ্কট কাটাতেই স্কুলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন সেই বন্ধের নোটিশ দেখেই উত্তেজিত হয়ে ওঠে ছাত্রীরা। আগামী সোমবার কর্তৃপক্ষের তলব করেছে স্কুল শিক্ষা দফতর। এদিন বিজেপি যুব মোর্চার তরফে ওমপ্রকাশ সিং বলেন, ‘‘আমরা ডিআইকে বলেছি অবিলম্বে ছাত্রীদের সমস্যা মেটাতে উদ্যোগ নিতে হবে।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন