আগরতলা : বিজেপি-র জোট সঙ্গী আইপিএফটিতে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। দলের সুপ্রিমো নরেন্দ্রচন্দ্র দেববর্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছে নারী সংগঠন। আইপিএফটি-র মহিলা শাখা পৃথকভাবে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছে।
রবিবার রাতে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-র মহিলা শাখার সভানেত্রী সমেত পুরো কমিটি একযোগে হাজির হয়ে এনসি দেববর্মার বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দেন। সংগঠনের সভানেত্রী সন্ধ্যারানি দেববর্মা বলেন, দলের প্রধান মহিলাদের অপমান করছেন। যেখানে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাঁদের প্রার্থী তালিকায় মহিলাদের গুরুত্ব দিয়েছে সেখানে আইপিএফটিতে তাঁরা ব্রাত্য।
তিনি বলেন, যখন দল এককভাবে লড়বে বলে কথা ছিল তখন চারটি আসন মহিলাদের জন্য ছাড়া হবে বলা হয়েছিল। বিজাপি-র সঙ্গে জোট হওয়ার পর নয়টি (৯) আসনের মধ্যে অন্তত একটি আসন মহিলাদের জন্য ছাড়ার দাবি করা হয়। কিন্তু তিনি তাতেও রাজি নন। ফলে তাঁর বিরুদ্ধে পুরো নারী সংগঠন দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছে এবং ২০টি কেন্দ্রেই মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
একই সঙ্গে তিনি উপজাতি সংরক্ষিত ২০ আসনের জন্য প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করে দেন। আর এই সিদ্ধান্ত নির্বাচনের আগে জোট রাজনীতিতে ভূকম্পন নিয়ে এসেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন