এবার শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবে পড়ুয়ারা, জারি নির্দেশিকা - Aaj Bikel
এবার শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবে পড়ুয়ারা, জারি নির্দেশিকা

এবার শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবে পড়ুয়ারা, জারি নির্দেশিকা

Share This

 

 নয়াদিল্লি: শিক্ষার মান আরও উন্নত করতে এবার থেকে শিক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করবেন কলেজ পড়ুয়ারা৷ একই সঙ্গে পড়ুয়াদের দিয়েই মাপিয়ে নেওয়া হবে শিক্ষকের পেশাদারিত্ব৷ পড়ুয়াদের দেওয়া মতামতের উপর ভিত্তিতে নির্ধারিত হবে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন বৃদ্ধির ভাগ্য৷ শিক্ষকদের পড়ানোর কৌশলের উপর নির্ভর করবে চাকরির মেদায়৷ কোনও শিক্ষককের বিরুদ্ধে খারাপ মূল্যায়ন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষককে তলব করে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিং মর্নিং কলেজ কর্তৃপক্ষ৷

মূলত, শিক্ষার গুণমান বৃদ্ধি ও পড়ুয়াদের মধ্যে শিক্ষককের অবস্থান পরিষ্কার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে৷ প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পড়ুয়াদের দিয়ে শিক্ষককের মূল্যায়ন পদ্ধতি চালু করে শিক্ষক-ছাত্রের মধ্যে ভয় দূর করার চেষ্টা চালানো হচ্ছে৷

শিক্ষককে মূল্যায়নের জন্য ইতিমধ্যেই পড়ুয়াদের কাছে বেশ কিছু বিষয় জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ৷ শিক্ষক নিয়মিত পড়ান কি না, ঠিকঠাক পড়া বোঝাতে পারেন কি না ইত্যাদি৷ তবে, এই কাজের জন্য পড়ুয়াদের ঘারেও শর্ত চাপিয়েছে কলেজ কর্তৃপক্ষ৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কলেজে ৭০ শতাংশ উপস্থিতি না থাকা কোনও পড়ুয়ার মূল্যায়ন গ্রহণ করা হবে না৷ কলেজে নিয়মিত আসা পড়ুয়ারাই শুধুমাত্র এই কাজে অংশ নিতে পারবেন৷

শিক্ষকদের মূল্যায়নের পাশাপাশি ওই পড়ুয়া কোন বিষয় নিয়ে পড়তে আগ্রহী, ভবিষ্যতে তার পেশাগত ইচ্ছার বিষয়েও জানতে চাওয়া হয়েছে৷ এমনকি, ওই পড়ুয়া শেষ দু’টি পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছেন তাও উল্লেখ করতে বলা হয়েছে৷ কেন ফলাফল খারাপ হল তাও লিখতে বলা হয়েছে ওই মূল্যায়নে৷

দ্বিতীয় পর্যায়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য পড়ুয়াদের কাছে বেশ কয়েকটি প্রশ্নও পাঠানো হয়েছে৷ তাতে জানতে চাওয়া হয়েছে, শিক্ষাক ভালো পড়াল কি না, পড়ুয়াদের সমস্যা খতিয়ে দেখেন কি না, শিক্ষক তাঁদের সঙ্গে মিশতে পারেন কি না, শিক্ষককের পড়ানোর কৌশল ভালো লাগে কি না, বিষয়ের উপর শিক্ষককে দখল আছে কি না, নিয়মিত ক্লাস হয় কি না তাও জানতে চাওয়া হয়েছে৷

কলেজ কর্তৃপক্ষের দাবি, এই মূল্যায়নের ফলে একদিকে যেমন শিক্ষকের পেশাদারিত্ব বাড়বে, ঠিক তেমনি পড়ুয়াদের সমস্যার বিষয়টিও জানা যাবে৷ সমস্যা চিহ্নিত করা গেলে দ্রুত তা সমাধান করা যাবে বলেও মত কর্তৃপক্ষের৷

কোন মন্তব্য নেই: