‘চুরি’ রুখতে এবার স্কুলে স্কুলে নজরদারি চালাবেন বিধায়করা - Aaj Bikel
‘চুরি’ রুখতে এবার স্কুলে স্কুলে নজরদারি চালাবেন বিধায়করা

‘চুরি’ রুখতে এবার স্কুলে স্কুলে নজরদারি চালাবেন বিধায়করা

Share This
 কলকাতা: মিড ডে মিলের দুর্নীতি রুখতে এবার বিধায়কদের ঘারে গুরুদায়িত্ব চাপালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বিধানসভায় এক প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, পরিদর্শক নিয়োগ ও ওয়েবসাইটে দৈনিক ডিম ডে মিলের খতিয়ান দাখিলের ব্যবস্থার পাশাপাশি ‘চুরি’ রুখতে এবার স্কুলে স্কুলে নজরদারি চালাবেন বিধায়করা৷

মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগের পাহাড় দেখেই এই সিদ্ধান্ত৷ যদিও, মিড ডে মিলের দুর্নীতি রুখতে পরিদর্শক নিয়োগ ও ওয়েবসাইটে দৈনিক খতিয়ান দাখিলের মতো বেশ কিছু গুরুত্ব ব্যবস্থা চালু আছে৷ কিন্তু, তা সত্ত্বেও থামানো যাচ্ছে না অভিযোগের স্রোত৷ আর সেই কারণে এবার থেকে বিধায়কদের দিয়ে নজরদারির কাজ শুরু করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

স্কুলে দুপুরের খাবার নিয়ে বারে বারেই নানা ধরনের অভিযোগ উঠছে৷ মিলের জন্য খাতায়-কলমে পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে দেখানো, চাল-ডিম-ডাল চুরি সহ একাধিক অভিযোগ রয়েছে৷ লাগাতার বেড়ে চলা অভিযোগ নিয়ে বেশ ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বিষয়টি নিয়ন্ত্রণে আনতে বিধায়কদের পাশাপাশি জেলাশাসকদের নজর দেওয়া উচিত বলেও বিধানসভায় মন্তব্য করেন তিনি৷ 

বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, স্কুল পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে দুর্নীতি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ এই বিষয়ে বিধায়কদেরও নজরদারির উপরে জোর দেন৷ একই সঙ্গে স্কুলে ঘুরে ঘুরে মিড ডে মিল বণ্টনে নজরদারি করার জন্য ৭৩১ জন সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার৷  মিড ডে মিলে দেওয়া খাদ্যের গুণমান, সরকারের নির্দিষ্ট ঘোষণাপত্রে স্কুল-কর্তৃপক্ষের তরফে নিয়মিত তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি৷

কোন মন্তব্য নেই: